কারণ দর্শানো নোটিশ মঞ্চ উচ্ছেদ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড় পৌরসভার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জাকিয়া খাতুনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাঁকে। এদিকে আচরণবিধি ভঙ্গ করে সভা করার সময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় পার্টির মঞ্চ ভেঙে দিয়েছে প্রশাসনের নির্বাচন পর্যবেক্ষণকারী দল। গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার এক কাউন্সিলর পদপ্রার্থীকে করা হয়েছে জরিমানা। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
পঞ্চগড় রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুল আলম গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় পৌরসভার আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী জাকিয়া খাতুনকে কারণ দর্শানো নোটিশ দেন। শহরের জালাসী এলাকায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে জনসভা করায় তাঁকে এ নোটিশ দেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শহরের জালাসী এলাকায় জাকিয়া খাতুন রাত আটটার পর শব্দ বর্ধনকারী যন্ত্রাংশ ব্যবহার করে জনসভা করেন। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে কারণ দর্শানো নোটিশ দেন। এ নোটিশের ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল আলম কারণ দর্শানোর বিষয়টি নিশ্চিত করেন। নোটিশের জবাব প্রাপ্তির পর তার ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শহরের জালাসী এলাকায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জাকিয়া খাতুনের ওই জনসভায় অভিনেত্রী শমী কায়সার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জাকিয়া খাতুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় জাতীয় পার্টির সভা চলাকালে সভার মঞ্চ ভেঙে জরিমানা করা হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণকারী দল এ জরিমানা করে। গতকাল সন্ধ্যার পর পৌরসভার সোনালী ব্যাংক-সংলগ্ন এলাকায় জাতীয় পার্টি এ জনসভার আয়োজন করে। সেখানে আচরণবিধি ভঙ্গ করে মঞ্চ বানিয়ে জনসভা চলছিল। নির্বাচনী পর্যবেক্ষক দলের আহ্বায়ক জেলা নির্বাচন কর্মকর্তা এবং পীরগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে মঞ্চ ভেঙে দেওয়া হয়। এ সময় জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী গোলাম হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা শুকুর মোহাম্মদ মিয়া বলেন, জাতীয় পার্টির প্রার্থীর এজেন্ট তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন।
মেয়র পদপ্রার্থী গোলাম হোসেন বলেন, ‘আমি এলাকায় ছিলাম না। এসে দেখি মঞ্চ করা হয়েছে। আমি ওই অবস্থায় বক্তব্য দেই। পরে প্রশাসন এসে মঞ্চ ভেঙে দেয়। জরিমানার কথা আমি বলতে পারি না।’
বিনা অনুমতিতে পথসভা করায় গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাজু সরদারকে (উটপাখি) দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল আলম এ জরিমানা করেন। সুন্দরগঞ্জের সহকারী কমিশনার হাবিবুল আলম জরিমানা আদায়ের কথা নিশ্চিত করেছেন।