কারণ দর্শানোর নোটিশ দেওয়ায় টিএইচওকে গালাগাল, হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারণ দর্শানোর নোটিশ দেওয়ায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তাকে (টিএইচও) গালাগাল করেছেন চিকিৎসক পলাশ চন্দ্র বণিক। এমনকি তাঁকে দেখে নেওয়ার হুমকিও দেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।হাসপাতাল সূত্র জানায়, সময়মতো না আসায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে হাসপাতালের আট চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, যা হাতে পেয়ে হাসপাতালের চিকিৎসক পলাশ চন্দ্র বণিক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা হারুনুর রশীদকে দায়ী করে গতকাল দুপুর ১২টায় একাধিক চিকিৎসক ও কর্মচারীর সামনে খারাপ ভাষায় গালাগাল করেন। এমনকি চিকিৎসক সংগঠনের নেতা দিয়ে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন তিনি।রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা হারুনুর রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ১২ জুলাই প্রথম আলোর আলোকিত চট্টগ্রামের পাতায় ‘সময়মতো আসেন না চিকিৎসকেরা: চলে যান আগেভাগে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সিভিল সার্জনের নজরে আসে। ফলে ১৪ জুলাই সকাল নয়টা ২০ মিনিটে মুঠোফোনে চিকিৎসকদের খোঁজখবর নেন তিনি। এ সময় আটজন চিকিৎসক হাসপাতালে না আসায় কারণ দর্শানোর নোটিশ দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে পলাশ চন্দ্র বণিক গালাগাল ও হুমকি দেন।এ ব্যাপারে চিকিৎসক পলাশ চন্দ্র বণিক বলেন, ‘১৪ জুলাই আমার ডে-অফ (বন্ধের দিন) ছিল। এর পরও কেন আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তা জানতে চাইলে টিএইচওর সঙ্গে বাগিবতণ্ডা হয়। গালাগাল বা হুমকি দেওয়ার কথা সত্য নয়।’