কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামাল চৌধুরী (৪৫) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। দুপুরে একই হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে। ফুসফুসের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো ভিসেরা প্রতিবেদনের জন্য ঢাকায় পাঠানো হবে।
কামাল মেহেরপুর পুলিশ লাইনসে কর্মরত ও কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
মেহেরপুর পুলিশ লাইনসের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন দুপুরে মুঠোফোনে বলেন, গত বুধবার রাত সোয়া আটটায় কাউকে কিছু না বলে কামাল বাইরে চলে যান। সকালে তাঁর ভগ্নিপতি জানান, তিনি হাসপাতালে মারা গেছেন।
কামালের স্ত্রীর বড় ভাই আবু সাঈদ প্রথম আলোকে বলেন, আট বছর আগে পাহাড় থেকে পড়ে গিয়ে কোমরে আঘাত পেয়েছিলেন কামাল। এরপর থেকে কোমরের হাড়ে প্রচণ্ড ব্যথা হতে থাকে। ঢাকাসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হয়েছে। তীব্র ব্যথা উঠলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেন না। গত বুধবার রাতে তিনি বাড়িতে আসেন। রাত দুইটার দিকে ব্যথা শুরু হলে কয়েকটা ওষুধ খান। এতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় তাঁর মৃত্যু হয়।