কারফিউ জারি করলেও তা মানা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা সত্ত্বেও নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। নগরের ওয়াসা মোড় ও আলমাস সিনেমা হলের সামনে সমাবেশ করতে ব্যর্থ হয়ে তারা নাসিমন ভবনের সামনে সমাবেশ করেছে।
গতকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ের সামনে করা সমাবেশে দীর্ঘদিন পর দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে পাশাপাশি দেখা গেছে।
মেহেদীবাগের বাসা থেকে আমীর খসরু মাহমুদের নেতৃত্বে একটি মৌন মিছিল বের হয়। এ সময় বিপুল পুলিশ উপস্থিত থাকলেও তারা বাধা দেয়নি। মিছিলটি নাসিমন ভবনের সামনে গিয়ে স্লোগান দিতে শুরু করে। সেখানে আগে থেকেই আবদুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাছিরউদ্দিনও সেখানে উপস্থিত হন।
সমাবেশে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘পুলিশের বুলেট ও লাঠি দিয়ে এ আন্দোলনকে দমাতে পারবে না সরকার। সরকারের পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’
আমীর খসরু বলেন, ‘সরকার আমাদের সাংবিধানিক অধিকারকে চুরি করতে চায়। সারা দেশে হাসিনা সরকারের বিরুদ্ধে যে গণজোয়ার তৈরি হয়েছে তা প্রশাসন দিয়ে বন্ধ করা সম্ভব নয়।’
দেশের মানুষ আইন ভঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কালকে (আজ) শুধু আইন ভাঙলে চলবে না, জনস্রোতে সব ভাসিয়ে দিতে হবে।’
মীর নাছির বলেন, কারফিউ দিলেও চট্টগ্রামবাসী সেটি মানবে না। কারণ এ অবৈধ সরকারকে মানুষ আর দেখতে চায় না।