কারমাইকেল কলেজ ক্যাম্পাসে এক মাসে ৫০টির বেশি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কারমাইকেল কলেজ চত্বরে গত জুন মাসে অর্ধশতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ছাড়া এক শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়েছে। বর্তমানে ছিনতাইকারীদের হাতে জিম্মি হয়ে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সুজন শাহ্ ই ফজলুল বলেন, ক্যাম্পাসে বিকেল থেকে রাত পর্যন্ত প্রতিদিনই দু-একটি ছিনতাই হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। জুন মাসে কমপক্ষে ৫০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এখন নিরাপত্তাহীনতায় বসবাস করছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষার্থীরা জানান, কলেজ চত্বরে প্রায় প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত কলেজ চত্বরের বাংলা মঞ্চ, পুকুরপাড়, হোয়াইট হাউস ভবন, কলেজ মসজিদসংলগ্ন এলাকাসহ কলেজের অভ্যন্তরে এসব ছিনতাই হচ্ছে।
তাপসী রাবেয়া ছাত্রীনিবাসের শিক্ষার্থী শামীমা নাসরীন বলেন, ‘৩০ জুন ইফতারের আগে কক্ষে ফেরার পথে হোয়াইট হাউস ভবনের সামনে তিন যুবক আমার পথ রোধ করে মুঠোফোন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। এই ক্যাম্পাসে এমন ঘটনা আগে দেখা যায়নি। শুধু আমার একা নয়, অনেক ছিনতাইয়ের ঘটনাই ঘটছে। এখন ক্যাম্পাসে নির্বিঘ্নে ঘোরাফেরা করা দুষ্কর হয়ে পড়েছে।’
গণিত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, ‘২৮ জুন নির্মাণাধীন মিলনায়তনের পাশে একজনকে সঙ্গে নিয়ে বসে গল্প করার সময় তিন যুবক এসে ভয়ভীতি দেখিয়ে আমার মুঠোফোন ছিনিয়ে নেয়।’
কর্মচারী এমদাদুল হক বলেন, ‘২৬ জুন বিকেল পাঁচটায় ক্যাম্পাসে অবস্থিত বাসায় ফেরার পথে কলেজ মসজিদের সামনে চার যুবক ধারালো অস্ত্রের মুখে আমার মুঠোফোন ও কিছু টাকা ছিনিয়ে নেয়।’
১ জুন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক আবু তালেব মণ্ডলের মোটরসাইকেল ক্যাম্পাস থেকে চুরি হয়। আরও অনেকেই ছিনতাইয়ের অভিযোগ করেছেন।
তিনটি ছাত্রীনিবাস এবং শিক্ষক ও কর্মচারীদের ৬০টি বাসা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে ক্যাম্পাসে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, লোকবলসংকটের কারণে ক্যাম্পাসে পুলিশ ক্যাম্প স্থাপন করা সম্ভব হচ্ছে না। তবে ক্যাম্পাসে পুলিিশ টহল জোরদার করা হয়েছে।