কারমাইকেল কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যের বই নকল করে নিজের নামে চালিয়ে দেওয়ার মামলায় অভিযুক্ত হওয়ায় রংপুর সরকারি কারমাইকেল কলেজের অধ্যক্ষ এস এম মোকসেদ আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের অধিশাখা-৭ (কলেজ-২) বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে এই আদেশ জারি করা হয়েছে। ওই আদেশ গতকাল বৃহস্পতিবার কলেজে এসে পৌঁছায়।
খুলনা বিএল কলেজের সাবেক সহযোগী অধ্যাপক সুনীল কুমার গোলদার ১৯৯৯ সালে পরিসাংখিক বলবিদ্যা নামের একটি বই প্রকাশ করেন। ২০০৮ সালে বইটি নকল করে বর্তমানে কারমাইকেল কলেজের অধ্যক্ষ এস এম মোকসেদ আলী নিজের নামে প্রকাশ করেন। এ ঘটনায় সুনীল কুমার ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে কপিরাইট আইনে মামলা করেন।
সুনীল কুমার গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার বইটির ৯৫ শতাংশ নকল করে কারমাইকেল কলেজের অধ্যক্ষ ২০০৮ সালে নিজের নামে প্রকাশ করেন। মামলা ছাড়াও বিষয়টি নিয়ে তিনি শিক্ষাসচিব ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেন। ওই চিঠিতে বলা হয়, এস এম মোকসেদ আলীর বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ১২ ডিসেম্বর অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চলতি বছরের ৩১ মার্চ অধ্যক্ষ আদালতে হাজির হয়ে জামিন নেন।
চিঠিতে বলা হয়, এই অবস্থায় মোকসেদ আলীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ সময় প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।
বিষয়টি সস্পর্কে জানতে অধ্যক্ষ মোকসেদ আলীর মুঠোফোনে গতকাল যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।