রাজনৈতিক কারণে রংপুরের কারমাইকেল কলেজে তিনটি ছাত্রাবাস সাড়ে তিন বছর ধরে বন্ধ রয়েছে। এতে ছাত্ররা যেমন আবাসনসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, একইভাবে হলগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় জরাজীর্ণ হয়ে পড়েছে। আর শিক্ষার্থীরা বেশি টাকা ব্যয় করে মেসে থেকে পড়াশোনা করছেন।
কলেজ থেকে জানা যায়, ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজে ১৭টি বিষয়ে সম্মান ও উচ্চমাধ্যমিকসহ শিক্ষার্থী প্রায় ২৮ হাজার। সেখানে ছেলেদের আবাসন সুবিধার জন্য রয়েছে তিনটি ছাত্রাবাস। তা-ও বন্ধ হয়ে আছে।
ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের কারণে ২০১১ সালের ৫ মার্চ কলেজ বন্ধ ঘোষণার পাশাপাশি তিনটি ছাত্রাবাসও বন্ধ ঘোষণা করা হয়। সেই থেকে ছাত্রাবাস তিনটি বন্ধই রয়েছে। এগুলো সংস্কার করে খুলে দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ এই দীর্ঘ সময়ে কোনো উদ্যোগ নেয়নি বলে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা অভিযোগ করেন। এ তিনটি ছাত্রাবাস হলো গোবিন্দলাল (জিএল), ওসমানী ও কাশিমবাজার (কেবি)। এর মধ্যে জিএল ছাত্রাবাসে ১৪০টি, ওসমানী ছাত্রাবাসে ১৮৯টি, কেবিতে ৫২টি আসন থাকলেও সেখানে পাঁচ গুণের বেশি শিক্ষার্থী বসবাস করতেন।
তিনটি ছাত্রাবাস দীর্ঘসময় ধরে বন্ধ থাকতে থাকতে পরিত্যক্ত হওয়ার উপক্রম হয়েছে। ওসমানী ছাত্রাবাসের সামনে গাছগাছালিতে ভরে গেছে। ঐতিহ্যবাহী গোবিন্দলাল (জিএল) ছাত্রাবাসটির দেয়ালে শেওলা পড়ে বিধ্বস্ত হওয়ার উপক্রম হয়েছে। এটির নিদর্শন ধরে রাখতে শিক্ষার্থীরা তা সংরক্ষণের দাবি জানিয়েছেন।
কলেজেছাত্রীদের জন্য তিনটি হল গড়ে উঠলেও আবাসনসুবিধা খুবই কম। শহীদ জননী জাহানারা ইমাম হলে ২০০টি, রোকেয়ায় ১৪৩টি, তাপসী রাবেয়ায় ১০০টি আসন রয়েছে। মেয়েদের এ তিনটি হল বর্তমানে খোলা রয়েছে।
এত শিক্ষার্থীর আবাসনসুবিধা না থাকায় কলেজের চারপাশে তিন শতাধিক মেস গড়ে উঠেছে। এসব মেসের একটি ছোট কক্ষে তিন থেকে চারটি চৌকি বিছিয়ে গাদাগাদি করে শিক্ষার্থীদের থাকতে হয়। একটি সিট ভাড়া প্রতি মাসে ৮০০ থেকে ৯০০ টাকা। কেউ একাই একটি কক্ষ নিতে চাইলে ভাড়া পড়ে প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা।
বাংলা বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম ছাত্রাবাসগুলো খুলে দেওয়ার দাবি জানিয়ে বলেন, একটি কলেজে ছাত্রাবাস বছরের পর বছর বন্ধ থাকলে ক্যাম্পাসের প্রাণই থাকে না। এ ছাড়া বাইরে থাকতে গিয়ে মেসে একটি কক্ষে চারটি বিছানা। হাঁটাচলারও উপায় থাকে না।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকশী বলেন, ‘ছাত্রাবাসগুলো চালুর দাবিতে আমরা ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছি। রাজনৈতিক কারণে এসব ছাত্রাবাস বন্ধ করা হলেও তা খুলে দিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া আন্ত ছাত্রাবাসের নানা ধরনের যে খেলাধুলা হতো, তা পুনরায় চালু করা উচিত।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনতে হুসাইন নাসরিন বানু বলেন, ‘আমি অল্প কিছুদিন হলো অধ্যক্ষের দায়িত্বে রয়েছি। বন্ধ ছাত্রাবাসগুলো পড়ে থাকতে থাকতে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এগুলো সংস্কার করে শুধু উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।’