কারমাইকেলে কালভার্ট ভাঙায় শিক্ষার্থীদের ক্ষোভ
রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসের পশ্চিম দিকে একটি কালভার্ট ভেঙে ফেলার ঘটনাকে কেন্দ্র করে চার দিন ধরে কলেজ ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কালভার্টটি ভেঙে ফেলার প্রতিবাদে এবং সেখানে ফটক নির্মাণের দাবিতে গতকাল শনিবারও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।সরেজমিনে জানা গেছে, কারমাইকেল কলেজের চারদিক খোলা। এর চারপাশে কমপক্ষে ৫০০ মেস রয়েছে। কলেজের পশ্চিম দিকে প্রায় ২০০ মেসে বসবাসকারী শিক্ষার্থীরা কালভার্টের ওপর দিয়ে কলেজ যাওয়া-আসা করে আসছিলেন। সম্প্রতি সেটি ভেঙে ফেলা হয়।কলেজ সূত্র জানায়, নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে কলেজের চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছে। পশ্চিম দিকের ওই কালভার্টের স্থানে এসে কাজ আপাতত বন্ধ হয়ে যায়। গত মঙ্গলবার রাতে কে বা কারা কালভার্টটি ভেঙে দিয়েছে। জুলফিকার আলী, এরফান হোসেন, শওকত আলী, খায়রুজ্জামানসহ আরও অনেক শিক্ষার্থী জানান, কালভার্টটি ভেঙে ফেলায় এখন অনেক দূর পথ ঘুরে কলেজে যাওয়া-আসা করতে হচ্ছে। এখানে একটি ফটক নির্মাণের দাবি জানান তাঁরা।কলেজের অধ্যক্ষ মোকসেদ আলী বলেন, সীমানাপ্রাচীর করতে গেলে ওই কালভার্ট ভেঙে ফেলতে হবে। তবে পশ্চিম দিকের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য শুধু একটি পকেট গেট রাখা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।