কারমাইকেলের ছাত্রাবাস থেকে লাঠিসোঁটা, জিহাদি বই উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর কারমাইকেল কলেজের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে। কলেজের ওসমানী ছাত্রাবাসের তালা ভেঙে গত শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ বিপুল পরিমাণ লাঠিসোঁটা, রড, ইট-পাথর ও জিহাদি বই উদ্ধার করেছে। পুলিশ ও কলেজ সূত্র জানায়, গত ৫ মার্চ কলেজের ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের জের ধরে চারটি ছাত্রাবাস বন্ধ করে দেওয়া হয়। তা এখনো বন্ধ রয়েছে। এদিকে ছাত্রাবাস বন্ধ থাকার পরও ছাত্রাবাসের তালা ভেঙে ছাত্রশিবির রাতের আঁধারে কয়েকটি কক্ষে এসব মালামাল মজুদ করে বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কলেজের অধ্যক্ষের উপস্থিতিতে পুলিশ ছাত্রাবাসের তালা ভাঙে। বেশ কয়েকটি কক্ষ থেকে আনুমানিক ৫০০ বাঁশের লাঠি, কিছু রড ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করে।কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস বলেন, একটি রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সন্ত্রাসীরা ছাত্রাবাসের নিরাপত্তা প্রহরীকে হুমকি দিয়ে ছাত্রাবাসের তালা ভেঙে এসব মালামাল মজুদ করে।জানা গেছে, ছাত্রশিবির কলেজের ছাত্রাবাসগুলো খুলে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছে। বন্ধ থাকা ছাত্রাবাস থেকে দেশীয় অস্ত্র উদ্ধার হওয়ার পর গতকাল শনিবার কলেজের বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়।অভিযোগ অস্বীকার করে কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি হারুন-অর রশিদ বলেন, ‘আমাদের ওপর দায় চাপাতে এই কাজটি করা হয়েছে।’ তবে ছাত্রাবাস খুলে দেওয়ার দাবি জানান তিনি।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা প্রথম আলোকে বলেন, কলেজের শান্ত পরিবেশ অশান্ত করে তুলতেই এমন কর্মকাণ্ড করা হয়েছে। এ ব্যাপারে কলেজের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।