কারসাজি করে সংবিধান সংশোধন করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্ষমতার থাকার জন্য কারসাজি করে সংবিধানের সংশোধন করা হয়েছে’ বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সম্মেলনে এরশাদ এই অভিযোগ করেন। তিনি নিজের শাসনামলের কথা উল্লেখ করে বলেন, ‘আমি সংবিধানে হাত দেইনি, সংবিধান স্থগিত করেছিলাম। আর এখন ক্ষমতার জন্য কারসাজি করে সংবিধানের সংশোধন করা হয়েছে।’
সরকারপ্রধানকে উদ্দেশ করে এরশাদ আরও বলেন, ‘নির্বাচন করতে কেন ভয় পাচ্ছেন? এমন কী করেছেন? পরাজয় হলে বাড়িঘর জ্বলবে, এই ভয় পাচ্ছেন? জনগণ আমাদের সেবা করার জন্য ভোট দিয়েছেন, তাহলে কেন ভয় পান?’
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য জিয়া উদ্দিন আহমেদ প্রমুখ।
এর আগের দিন শুক্রবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আরেক অনুষ্ঠানে এরশাদ নির্বাচনপদ্ধতি পরিবর্তনের দাবি জানান। নির্বাচনে প্রাপ্ত ভোটের আনুপাতিক হার অনুসারে সংসদ সদস্য নির্বাচিত করা এবং সে অনুপাতে সব দলের সমন্বয়ে সরকার গঠনের একটি রূপরেখাও দেন তিনি।