প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা বলেছেন, চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। কারা এই খেলা খেলছে তা খুঁজে বের করতে হবে। তিনি বলেন, ১৯৭৪ সালের খাদ্যসচিব পরবর্তী সময়ে জিয়াউর রহমান সরকারের মন্ত্রী হয়েছিলেন। এখন থেকে সতর্ক হওয়ার ব্যাপার আছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ধান-চালের হিসাব নেওয়া হচ্ছে। মজুত রেখে কেউ এ ধরনের ঘটনা ঘটাচ্ছে কি না, তা তল্লাশি করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, যত চাল লাগে কিনে আনা হবে। মানুষকে খাদ্য নিয়ে কষ্ট পেতে দেওয়া যাবে না।
গতকাল পাঁচ দিনের এই অধিবেশন শেষ হয়। এই অধিবেশনে রোহিঙ্গা সমস্যা এবং সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার রায় নিয়ে দুটি প্রস্তাব পাস হয়।
ষোড়শ সংশোধনী
প্রধানমন্ত্রী সমাপনী ভাষণে বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে জাতয়ী সংসদে গঠনমূলক আলোচনা হয়েছে। সংসদের মানমর্যাদা, সার্বভৌমত্ব ও গুরুত্ব নিয়ে সংসদ সদস্যরা কথা বলেছেন।
মিয়ানমারে আগুন দেওয়া থামেনি
সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, মিয়ানমারে এখনো আগুন দেওয়া থামেনি। সেদেশের ৩ লাখের বেশি নাগরিক বাংলাদেশে চলে এসেছে, এখনো আসছে। এটা বাংলাদেশের জন্য বিরাট একটা বোঝা। কিন্তু মানবিক কারণে বাংলাদেশ মিয়ানমারের অধিবাসীদের আশ্রয় দিতে বাধ্য হয়েছে। তবে কোনো বিচ্ছিন্নতাবাদীকে দেশে প্রশ্রয় দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী আশা করেন, মিয়ানমারের বোধোদয় হবে। তারা নিজের দেশের নাগরিকের ওপর নির্যাতন বন্ধ করবে, তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে। যারা দোষী, তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া এবং নিরীহ মানুষকে নির্যাতন না করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রোহিঙ্গাদের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সাধ্যমতো সব রকম ব্যবস্থা নিচ্ছি। দেশবাসীকে বলব, এরা বিপদে পড়ে আমাদের কাছে আশ্রয় নিয়েছে। তাদের যেন কষ্ট না হয়। স্থানীয় জনগণ, রাজনৈতিক দল সকলে যেন তাদের দিকে বিশেষভাবে দৃষ্টি দেয়।’
শেখ হাসিনা বলেন, ‘যদি প্রয়োজন হয়, আমাদের খাবার ভাগ করে খাব। সাধারণ মানুষ আমাদের কাছে এসেছে আশ্রয়ের জন্য, আমরা মিয়ানমারের মতো নাফ নদীতে ফেলতে পারি না। বঙ্গোপসাগরেও ফেলতে পারি না।’
প্রধানমন্ত্রী বলেন, বিদেশ থেকে রোহিঙ্গাদের জন্য যেসব ত্রাণ আসছে, সেসব সমন্বয়ের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর স্থানীয়ভাবে জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটি করা হয়েছে। যেখানে-সেখানে না দিয়ে জেলা প্রশাসকের কাছে ত্রাণ দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
রোহিঙ্গা পরিস্থিতি জাতিসংঘের অধিবেশনে তুলবেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্ব জেগে উঠেছে। মিয়ানমারকে তার নাগরিকদের ফিরিয়ে নেওয়া এবং নির্যাতন বন্ধ করার অনুরোধ করা হচ্ছে। তাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা হচ্ছে। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য ভাসানচরে একটি অস্থায়ী আবাসনব্যবস্থা গড়ে তোলা হবে।
বিরোধীদলীয় নেতা
সমাপনী বক্তব্যে বিরোধিদলীয় নেতা রওশন এরশাদ বলেন, দশম সংসদ বাংলাদেশের প্রথম সংসদ, যেটা প্রাণবন্তভাবে চার বছর চলেছে। প্রতিটি বিষয়ে আলোচনা হয়েছে। সরকারি দল, বিরোধী দল আলোচনায় অংশ নিয়েছে। তাঁর দাবি, গত ২০-২৫ বছরে এভাবে সংসদ চলেনি।
বিরোধীদলীয় নেতা বলেন, বিচারের দীর্ঘসূত্রতা, শাস্তি না হওয়ায় ধর্ষণের ঘটনা বাড়ছে। তিনি বিশেষ ট্রাইব্যুনাল করে তিন-চার মাসের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তির ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।