সিলেট কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে গত বৃহস্পতিবার কারারক্ষীদের মারধরে চার আলোকচিত্র সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কারা কর্তৃপক্ষ। সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক তৌহিদুল ইসলাম গতকাল শুক্রবার প্রথম আলোকে এ তথ্য জানান।
কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির বিভিন্ন পদে থাকা আটজনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গতকাল বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ কারাগার থেকে মুক্ত হওয়ার সময় কারা ফটকের সামনে ছাত্রলীগের কর্মীরা কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কারা ফটকের সামনে রাখা মোটরসাইকেল কারারক্ষীরা ভাঙচুর শুরু করলে ছবি তুলতে গিয়ে তাঁদের হামলায় প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদ, ফোকাস বাংলার শহিদুল ইসলাম, যুগভেরীর মামুন হোসেন, সমকাল-এর ইউসুফ আলী আহত হন। তাঁদের মধ্যে আনিস, শহিদুল ও মামুনকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গতকাল দুপুরে চারজন ফটোসাংবাদিক হাসপাতাল ছেড়েছেন।
সিলেট জেলা প্রেসক্লাবে গতকাল বিকেলে জ্যেষ্ঠ সাংবাদিক ও ফটোসাংবাদিকদের জরুরি সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম আলোর আলোকচিত্রীর ভাঙচুর করা ক্যামেরার ক্ষতিপূরণসহ তিন আলোকচিত্রীর ক্যামেরা ফেরত দিতে একটি চিঠি সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজনকে দেওয়া হয়েছে।
ফটোসাংবাদিকদের ওপর হামলার আগে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষের ঘটনায় কারাগারের জেলার মাসুদ পারভেজ বাদী হয়ে অজ্ঞাত ৬০ জনকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেছেন।
এ ঘটনায় সিলেট কেন্দ্রীয় কারাগারের অতিরিক্তি মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চার আলোকচিত্রী আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে গতকাল সুশাসনের জন্য নাগরিক (সুজন), সিলেট জেলা প্রেসক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা), টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বিবৃতি দেয়।