‘জেএমবি চালিত হচ্ছে কারাগার থেকেই’ শিরোনামে প্রথম আলোতে গত বৃহস্পতিবার প্রকাশিত খবরের প্রতিবাদ করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার কর্তৃপক্ষ।
তাতে বলা হয়, জেএমবি নেতারা কারাগার থেকে নিয়মিত মুঠোফোন ও চিঠিসহ নানা মাধ্যমে বাইরে থাকা জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং দল পরিচালনা করছেন বলে যে তথ্য ছাপা হয়েছে, তা সঠিক নয়।
প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা ও কঠোর নজরদারির কারণে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার অবকাশ নেই। জঙ্গিনেতা সালাহউদ্দিন, হাফেজ মাহমুদ ও জাহিদুল ইসলাম কারাগারে থাকা অবস্থায় তিনটি মুঠোফোন ব্যবহারের তথ্যের সত্যতা কীভাবে মিলেছে, তাও কারা কর্তৃপক্ষের বোধগম্য নয়। এই তিন জঙ্গি তিন জায়গায়—কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১, পার্ট-২ ও হাই সিকিউরিটি কারাগারে ছিলেন।
প্রতিবাদে আরও বলা হয়, জঙ্গিনেতারা যে কারাগার থেকে সংগঠন পরিচালনা করছেন, এ তথ্য প্রকৃতই পাওয়া গিয়ে থাকলে তা তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষকে জানানো হলে প্রতিরোধে ব্যবস্থা নেওয়া যেত।
প্রতিবেদকের বক্তব্য: পালিয়ে যাওয়া জঙ্গিরা যে কারাগারে বসে মুঠোফোন ব্যবহার করেছিলেন, তার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ গোয়েন্দা পুলিশের কাছে রয়েছে। এ কথা সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা স্বনামে উদ্ধৃত হয়ে বলেছেন। আর বিভিন্ন সময়ে বিভিন্ন কারাগার থেকে যে জঙ্গিনেতারা বাইরে চিঠিপত্র আদান-প্রদান করেছেন, তার প্রমাণ প্রথম আলোর হাতে রয়েছে।