কারা, কেন খুন করেছে এখনো জানে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী কারণে ও কারা ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীকে খুন করেছে দীর্ঘ এক বছরের তদন্তে তা বের করতে পারেনি পুলিশ। ধরতে পারেনি একজন আসামিকেও। দিয়াজের পরিবারের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের ধরছে না। পুলিশের ভূমিকাকে রহস্যজনক বলেও দাবি করেছেন তাঁরা। তবে পুলিশ বলছে, সঠিকভাবে তদন্ত এগোচ্ছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে।
২০১৬ সালের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় নিজের বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সেদিন বাসায় দিয়াজ ছাড়া পরিবারের আর কেউ ছিলেন না। এর ২২ দিন আগে দিয়াজসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতার বাসায় তাণ্ডব চালানো হয়। ৯৫ কোটি টাকার দরপত্রের ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির (বর্তমানে কমিটি স্থগিত) অনুসারী নেতা-কর্মীরা ওই হামলা চালান বলে অভিযোগ ওঠে। কেন্দ্রীয় রাজনীতিতে যাওয়ার আগে দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বলেন, ‘কোথায়, কার কাছে গেলে বিচার পাব জানি না। অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখিয়েছি।’ খুনি যেই হোক তার বিচার যেন হয় সেজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি।’
বর্তমানে মামলাটি তদন্ত করছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাংগীর। তিনি প্রথম আলোকে বলেন, কী কারণে এবং কারা দিয়াজকে খুন করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিরা প্রকাশে৵ ঘুরলেও পুলিশ ধরছে না, এই অভিযোগের জবাবে তিনি বলেন, ‘দেখলে অবশ্যই গ্রেপ্তার করা হবে।’
লাশ উদ্ধারের তিন দিন পর গত বছরের ২৪ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী। অন্য আসামিরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপু, সহসভাপতি আবদুল মালেক, মনসুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব, সাংগঠনিক সম্পাদক মো. আরমান, প্রচার সম্পাদক রাশেদুল আলম, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সদস্য আরিফুল হক এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জামশেদুল আলম চৌধুরী।
দিয়াজের মরদেহের প্রথম ময়নাতদন্ত হয় গত বছরের ২১ নভেম্বর। ২৩ নভেম্বর পুলিশ জানায়, দিয়াজকে হত্যা করা হয়েছে-এমন আলামত ময়নাতদন্তের প্রতিবেদনে মেলেনি। তিনি আত্মহত্যা করেছেন বলে মত দিয়েছেন চিকিৎসকেরা। ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দিয়াজের পরিবারসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ। পরে গত বছরের ৬ ডিসেম্বর দিয়াজের লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। ১১ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে লাশের দ্বিতীয় ময়নাতদন্ত হয়।
ময়নাতদন্ত প্রতিবেদনটি চলতি বছরের ২ আগস্ট মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির সরকারের হাতে এসে পৌঁছায়। প্রতিবেদনে বলা হয়, দিয়াজকে শ্বাস রোধ করে হত্যার আলামত পাওয়া গেছে।
আদালতে দিয়াজের মায়ের করা মামলাটি এজাহার হিসেবে নিতে চলতি বছরের ২৩ অক্টোবর হাটহাজারী থানার পুলিশকে নির্দেশ দেন আদালত। এরপর থেকে হাটহাজারী থানার ওসি এই মামলাটি তদন্ত করছেন।
দিয়াজের বড় বোন জুবাঈদা ছরওয়ার চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, আসামিরা ক্যাম্পাসে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের রহস্যজনক কারণে গ্রেপ্তার করছে না। তদন্তে থানা-পুলিশের ভূমিকা নিয়েও সন্দিহান তিনি। গত ৩১ অক্টোবর ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেন দিয়াজের বোন। মন্ত্রী এই মামলার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।