কারা ঘটিয়েছে, সে ধারণা পেয়েছে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনা তদন্তে গঠিত সরকারি কমিটি গতকাল মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তৃতীয় দফা অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে।
অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার পর কমিটির সদস্য ও আইন মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘কারা ওই ঘটনা ঘটিয়েছে, তার একটি প্রাথমিক ধারণা আমরা পেয়েছি। তবে কেন ও কী কারণে ওই হত্যাকাণ্ড ঘটেছে, তা উদ্ঘাটন করা প্রয়োজন। কমিটি এ জন্য আরও চার সপ্তাহ সময় চেয়েছে।’
কমিটির সূত্র জানায়, কমিটি বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়েছে। সব তথ্য পেলে তদন্ত সম্পন্ন হবে। তাঁরা এ পর্যন্ত ৩৩৫ জনের সাক্ষ্য নিয়েছেন। যারা খুনের সঙ্গে জড়িত বলে কমিটি ধারণা করছে, তাদের নাম অগ্রগতি প্রতিবেদনে যুক্ত করা হয়নি।
সূত্র জানায়, এ ছাড়া কার্যক্রমের অগ্রগতি জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও র্যাবের পক্ষে পৃথক প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদনও জমা পড়ার অপেক্ষায়।
হাইকোর্টের নির্দেশ অনুসারে গত ৪ জুন সরকারি তদন্ত কমিটিসহ বিবাদীদের কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ। ওই দিন আদালত ৯ জুলাই বিবাদীদের কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বুধবার এসব প্রতিবেদন দাখিল করার কথা।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, র্যাবের জমা দেওয়া প্রতিবেদনে দুই সপ্তাহ সময় চাওয়া হয়েছে। র্যাবের সদস্যসহ ৮০ জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে সময় চাওয়া হয়েছে।
নারায়ণগঞ্জে সাতজন খুনের ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে ৫ মে হাইকোর্টের ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। এতে ওই ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের গাফিলতি আছে কি না, এটিসহ পুরো ঘটনা তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া র্যাবের মহাপরিচালককে বিভাগীয় তদন্ত করতে এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) পাশাপাশি সিআইডিকে (অপরাধ তদন্ত বিভাগ) মামলা তদন্তের নির্দেশ দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত ও সাক্ষীদের নিরাপত্তা দিতে আইজিপিকে নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুসারে কার্যক্রম বিষয়ে অগ্রগতি প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আদালতে দাখিল করতে বিবাদীদের বলা হয়।
গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে ৩০ এপ্রিল ছয়জনের এবং পরদিন অপরজনের লাশ উদ্ধার করা হয়। নিহত বাকি পাঁচজন হলেন নজরুলের সঙ্গী তাজুল ইসলাম, মনিরুজ্জামান স্বপন, লিটন ও তাঁর গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং চন্দন সরকারের গাড়ির চালক ইব্রাহিম।