সাতক্ষীরা জেলা কারাগারের তত্ত্বাবধায়ককে (জেল সুপার) হত্যার চেষ্টার অভিযোগে কারাধ্যক্ষকে (জেলার) তাত্ক্ষণিক বদলি করা হয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে কারা তত্ত্বাবধায়ককে হত্যার চেষ্টা চালানো হয় বলে জানা গেছে।এ ব্যাপারে গতকাল বুধবার মহা-কারাপরিদর্শক (আইজি প্রিজন) আশরাফুল হক প্রথম আলোকে জানান, ঘটনাটি জানার পরপরই গতকাল কারাধ্যক্ষ সোহেল রানাকে তাত্ক্ষণিক বদলি করা হয়। এ ঘটনা তদন্তে যশোর অঞ্চলের উপমহা-কারাপরিদর্শক ফজলুল হককে (ডিআইজি প্রিজন) প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়েছে। সাতক্ষীরা জেলা কারা তত্ত্বাবধায়ক নূরুন নবী ভূঁইয়া প্রথম আলোকে বলেন, কারাধ্যক্ষ সোহেল রানা ও তাঁর স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ছিল। মঙ্গলবার সন্ধ্যায় আবারও নির্যাতনের ঘটনা ঘটলে কারাধ্যক্ষের স্ত্রী আমাকে বিষয়টি জানান। নূরুন নবী ভূঁইয়া বলেন, বিষয়টি মীমাংসা করে নিতে বলায় কারাধ্যক্ষ আমার ওপর ক্ষিপ্ত হন। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে কার্যালয়ের কক্ষে ঢুকে কারাধ্যক্ষ আমাকে হুমকি দিয়ে আমার গলা চেপে হত্যার চেষ্টা করেন। চিৎকার দিলে কারারক্ষীরা এসে পড়ায় তিনি তড়িঘড়ি স্থান ত্যাগ করেন। এ ঘটনার পরপরই বিষয়টি মহা-কারাপরিদর্শকসহ সাতক্ষীরা জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারকে জানাই।