কারা ফটক থেকে আবার গ্রেপ্তার হলেন জামায়াত নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট কারাগার থেকে বের হওয়ার পর কারা ফটক থেকেই গ্রেপ্তার হয়েছেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মামুনুর রশিদ। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। ওই দিন রাতে সদর থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে নাশকতার অভিযোগের আটটি মামলায় মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। তাঁর আইনজীবী আলমগীর কবির জানান, বিভিন্ন তারিখে জেলা ও দায়রা জজ আদালত থেকে ছয়টি মামলা এবং উচ্চ আদালত থেকে দুটি মামলায় তিনি জামিন পান। জেলা আওয়ামী লীগের জনসভায় ককটেল হামলা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার আদেশ আসার পর তিনিসহ তাঁর আইনজীবীরা জয়পুরহাট জেলা মুখ্য হাকিম আদালতে জামিননামা দাখিল করেন। আদালতের আদেশ জেলা কারাগারে পৌঁছানোর পর মঙ্গলবার সন্ধ্যার কিছুক্ষণ আগে তিনি কারাগার থেকে বের হন। তখন ডিবি পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে তাঁকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই দিন রাতেই আদালতের কারাগারে পাঠানো হয়।