কারা ফটক থেকে শিবির নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নাশকতার মামলায় জামিনে মুক্তির পর কারাফটক থেকে এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ। তিনি হলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি কুতুব উদ্দিন। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাঁকে আটক করে পুলিশ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ মো. মনির হোসেন প্রথম আলোকে জানান, জামিননামা পাওয়ার পর শিবির নেতাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তার আগে জামিনের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। পরে সীতাকুণ্ড থানার পুলিশ তাঁকে নিয়ে যায়।
পুলিশ সূত্র জানায়, কুতুব উদ্দিনের বিরুদ্ধে ২০টির বেশি মামলা রয়েছে। ৮ মে জামিনে মুক্তির পর তাঁকে হাটহাজারী থানা-পুলিশ কারা ফটক থেকে আটক করেছিল। পরে তাকে হাটহাজারী থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় গত শুক্রবার জামিনে মুক্তির পর তাঁকে আবার আটক করে পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, কুতুব উদ্দিনের বিরুদ্ধে সীতাকুণ্ড এলাকায় নাশকতার অভিযোগ রয়েছে। যাচাই-বাছাই করে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে আদালতে।