কারা ফটকে চার ঘণ্টা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের ওপরে থাকা ঘড়িটির দিকে ক্ষণে ক্ষণে তাকাচ্ছিলেন শতাধিক লোক। বাড়ছে সময়, আর কমছে অপেক্ষার পালা। রাত ১২টা এক মিনিটে ঘটতে যাচ্ছে সেই ঐতিহাসিক ঘটনা—কাদের মোল্লার ফাঁসি।
গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে কারা ফটকের সামনে গিয়ে দেখা গেল গণমাধ্যমকর্মীদের ভিড়। পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতা। বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে পুলিশ ও র‌্যাব। আনা হয়েছে সাঁজোয়া যান। কারাগারের আশপাশে রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে গাড়ি চলাচল। বন্ধ দোকানপাটও। কারাগারের প্রধান ফটকের সামনে জেল পুলিশের কড়া নিরাপত্তাবলয়।

সন্ধ্যার দিকে কারা ফটকের সামনে দুটি গাড়িতে আসেন কাদের মোল্লার পরিবার। ঘিরে ধরেন গণমাধ্যমকর্মীরা। গাড়ির কাচ আটকানো। এর মধ্যেই গণমাধ্যমকর্মীরা তুলছিলেন ছবি, করছিলেন ভিডিও। ভেতরে চুপচাপ বসে ছিলেন ২৩ জন নারী-পুরুষ-শিশু। শেষ সাক্ষাতের জন্য এসেছেন তাঁরা।
প্রায় এক ঘণ্টা পর কাদের মোল্লার সঙ্গে দেখা করে তাঁরা কারাগার থেকে বের হয়ে আসেন। গাড়ির ভেতরে সবাই তখন অশ্রুসিক্ত। কিছুদূর যাওয়ার পর গাড়ির কাচ নামিয়ে কাদের মোল্লার ছেলে হাসান জামিল সাংবাদিকদের বললেন, ‘দিস ইজ পলিটিক্যাল কিলিং।’ আর বললেন, লাশ দাফন হবে গ্রামের বাড়ি ফরিদপুরে।

ততক্ষণে প্রস্তুত করা হয়েছে কফিন। কীভাবে কোন পথে লাশ নিয়ে যাওয়া হবে, তা নিয়ে পুলিশের মধ্যে চলছিল আলোচনা। এ ঘটনার সাক্ষ্যপ্রমাণ হিসেবে ছবি তুলছিলেন অনেক গণমাধ্যমকর্মী। উৎসাহের বশে এসেছেন বেশ কিছু সাধারণ মানুষও। ফাঁসির সময় কে কে থাকবেন, জল্লাদ কে কে প্রভৃতি বিষয় নিয়ে সবার মধ্যে চলছিল আলোচনা।

রাত ১০টা ৩৪ মিনিটে খবর এল, ফাঁসি স্থগিত। শুরু হয় গুঞ্জন। সবার কানে তখন মুঠোফোন। রাত ১১টার দিকে ফাঁসির দণ্ডাদেশ স্থগিতাদেশের নথি নিয়ে কারা ফটকে আসেন কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী। যথারীতি হুমড়ি খেয়ে পড়েন গণমাধ্যমকর্মীরা। ভিড় ঠেলে কারাগারে ঢোকেন আবদুর রাজ্জাক। কিছুক্ষণ পর সেখান থেকে বের হয়ে বললেন, আগামীকাল (আজ) সকাল সাড়ে ১০টা পর্যন্ত মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করা হয়েছে।
কারা ফটকে থাকা ঘড়িটির সময় তখনো এগিয়ে চলছিল। তবে সেদিকে তাকানোর আগ্রহ আর কারোরই ছিল না।