কারা ভোগের পর ভারতীয় যুবককে হস্তান্তর
অস্ত্র আইনের মামলায় সাড়ে নয় বছর কারাভোগের পর আজ সোমবার ভারতীয় এক যুবককে সে দেশে ফেরত পাঠানো হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাঁকে ফেরত পাঠানো হয়।
ভারতীয় এই যুবকের নাম ওরারাও (২৭)। তিনি আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর থানার পুকুরিয়া গ্রামের বাসিন্দা।
নালিতাবাড়ী থানার পুলিশ জানায়, ২০০৭ সালে জানুয়ারি মাসে অস্ত্র আইনে ওরারাওয়ের সাড়ে নয় বছরের সাজা হয়। শেরপুর জেলা কারাগারে সাজাভোগ শেষে ওই যুবককে আজ সোমবার দুপুরে নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের তুরা জেলার ডালু থানার পরিদর্শক পারনিংসন মারাকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় ডালু থানার পুলিশ, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), নালিতাবাড়ী থানার পুলিশ, নাকুগাঁও ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা উপস্থিত ছিলেন।
নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, শেরপুর জেলা কারাগার থেকে আজ বেলা দেড়টার দিকে নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ওই যুবককে ভারতের কাছে হস্তান্তর করা হয়।