কারা মহাপরিদর্শকের প্রতিবাদ ও প্রথম আলোর বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৯ অক্টোবর প্রথম আলোতে ‘কাশিমপুর কারাগারে নানা অনিয়ম’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কারা মহাপরিদর্শক। তাঁর পক্ষে সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুনের পাঠানো ওই প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রতিবেদনে বলা হয়েছে উৎকোচের বিনিময়ে সাজাপ্রাপ্ত আসামিদের প্রিজন ভ্যানের বদলে বেসরকারি বিলাসবহুল মাইক্রোবাসে করে আনা-নেওয়া করা হচ্ছে। এ ক্ষেত্রে বিশেষ বিশেষ বন্দীদের ক্ষেত্রে আদালতের নির্দেশনায় পুলিশ প্রশাসনের সহায়তায় এ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং বিভিন্ন সময় নিরাপত্তা বিবেচনায় পুলিশ প্রহরা দলের চাহিদার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা করা হয়। এতে কারাগার কর্তৃপক্ষের সিদ্ধান্তের কোনো এখতিয়ার নেই। আসামিকে কারাগার থেকে আদালতে উপস্থাপন এবং পরিবহনের দায়িত্ব পুলিশ বিভাগের, এ ক্ষেত্রে কারা কর্তৃপক্ষের কোনো দায়ভার নেই।
বন্দীদের ওপর নির্যাতনের বিষয়ে প্রতিবাদপত্রে বলা হয়, ‘বর্তমান সময়ে বন্দী নির্যাতনের কোনো ঘটনাই কারাভ্যন্তরে ঘটে না। বন্দী অপরাধ করলে কারা বিধি মোতাবেক তাকে শাস্তি প্রদান করা হয়।’ মহাপরিদর্শকের বক্তব্য সম্পর্কে বলা হয়, তিনি পুলিশ বাহিনীকে হেয় করে কোনো উদ্ধৃতি করেননি। ‘এ ছাড়া সাকা চৌধুরী বা আশরাফি পাপিয়ার সঙ্গে যদি কেউ দেড় ঘণ্টা দেখা করেন তাহলে ওখানকার জেল সুপাররা বসে কী করেছেন’—এ বক্তব্যের ব্যাপারে বলা হয়, তিনি বোঝাতে চেয়েছেন এরূপ ঘটনা ঘটে থাকলে অবশ্যই সেখানকার জেল সুপাররা ব্যবস্থা গ্রহণ করবেন। ‘আসলে আমাদের দিয়ে কারাগার চলছে না, এমন অবস্থা তৈরি করে পুলিশ কারাগারের ভেতর এসে দায়িত্ব নিতে চাইছে’—এরূপ কোনো উক্তি তিনি করেননি।
প্রতিবেদকের বক্তব্য: প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে তার উল্লেখও আছে। ওই প্রতিবেদন তৈরির সময় নিয়ম অনুযায়ী কারা মহাপরিদর্শকের সঙ্গে কথা বলা হয়। তিনি যেভাবে বক্তব্য দিয়েছেন, সেভাবেই উদ্ধৃত করা হয়েছে।