কারা মহাপরিদর্শকের বক্তব্যের প্রতিবাদ পুলিশের
গত বৃহস্পতিবার প্রথম আলো পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘কাশিমপুর কারাগারে নানা অনিয়ম’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে কারা মহাপরিদর্শকের বক্তব্যের কিছু অংশের প্রতিবাদ করেছে পুলিশ সদর দপ্তর।
প্রতিবাদে বলা হয়, প্রতিবেদনের একটি অংশে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। ওই বক্তব্যে তিনি কারাগারের অনিয়মসংক্রান্ত একটি গোয়েন্দা প্রতিবেদনের জন্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ও বিষোদ্গার করেছেন; যা অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত।
প্রতিবাদে বলা হয়, পুলিশ ছাড়াও কয়েকটি সরকারি সংস্থা নানা বিষয়ে সরকারের কাছে গোয়েন্দা প্রতিবেদন দাখিল করে থাকে। আলোচ্য গোয়েন্দা প্রতিবেদন সম্পর্কে পুলিশ অবহিত নয়। গোয়েন্দা প্রতিবেদনের উৎস সম্পর্কে নিশ্চিত না হয়ে অনুমানভিত্তিক মন্তব্য করা দুঃখজনক। এতে আরও বলা হয়, কারা মহাপরিদর্শক ‘কারা প্রশাসনে পুলিশ এসে দায়িত্ব নিতে চাচ্ছে’ বলে যে বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত আপত্তিকর, ভিত্তিহীন ও অশোভনীয় মন্তব্য। দায়িত্বশীল পদে আসীন ব্যক্তিরা দায়িত্বশীল বক্তব্য দেবেন, এটাই কাম্য।