কারা হাসপাতালে দুদকের অভিযান
ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুর্নীতির মাধ্যমে কয়েদিদের হাসপাতালে ভর্তি রাখার ভয়ানক অনিয়মের অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার এ অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ পেয়েছে সংস্থাটি।
দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, সংস্থার হটলাইনে (১০৬) অভিযোগ পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। দুদকের মেডিকেল অফিসার অনুপ কুমার বিশ্বাস, সহকারী পরিচালক মো. রাউফুল ইসলাম ও উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদসহ দুদকের পুলিশ ইউনিটের সদস্যরা এ অভিযানে অংশ নেন।
দুদক বলছে, অভিযানের সময় দুদকের দলটি ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে হাসপাতালটি পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায়। সরেজমিনে তারা দেখেছে, ১৭০ শয্যার ওই হাসপাতালে দুই-তৃতীয়াংশ সিটই সুস্থ কয়েদিদের দখলে। হাসপাতালের সিটে আয়েশি ভঙ্গিতে তাঁদের বসে থাকতে দেখা যায়। পরিদর্শনকালে কিছু কক্ষে টেলিভিশন, রেফ্রিজারেটর, ওভেন ইত্যাদিও ব্যবহার করতে দেখা গেছে।
দুদক বলছে, কারাগারে অবস্থানের পর থেকেই অসাধু কর্মকর্তাদের যোগসাজশে মাসের পর মাস কারা হাসপাতালে অনেকে বিলাসবহুল জীবন যাপন করছেন। অবিলম্বে এ দুর্নীতি বন্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয় দুদকের দলটি। এরপরই ১২ জন সুস্থ কয়েদিকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়।
এ অভিযানে দুদকের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, কারাগারের এ দুর্নীতির ঘটনা মন্ত্রণালয়ের সচিবকে জানিয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দুদক অনুসন্ধান শুরু করবে এবং আইনানুগ ব্যবস্থা নেবে। কারা প্রশাসনের দুর্নীতি বন্ধে দুদক আরও কঠোর অভিযান চালাবে।