কারা হাসপাতালের করুণ অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ আমলে তৈরি একটি ভবনের দুটি ছোট কক্ষে কিশোরগঞ্জ জেলা কারাগারের ‘কারা হাসপাতাল’-এর কার্যক্রম চলছে। হাসপাতালে রোগীদের জন্য নির্দিষ্ট কোনো শয্যা নেই। তিনটি চৌকি ও মেঝের মধ্যেই থাকতে হচ্ছে বন্দী রোগীদের।জেলা কারাগার ও জামিন পাওয়া আসামিরা জানান, ৯৭ বর্গফুট ও ৪৯ বর্গফুটের দুটি কক্ষে কারা হাসপাতাল। কারাগারে ২৪২ জন পুরুষ ও তিনজন নারী বন্দী থাকার কথা থাকলেও সেখানে বর্তমানে এক হাজার ৭৫ জন বন্দী রয়েছেন। বন্দীদের মধ্যে শতাধিক রোগী রয়েছেন। বর্তমানে হাসপাতালে রোগী ভর্তি আছেন মাত্র ১৩ জন। জায়গার অভাবে অন্য রোগীদের হাসপাতালে ভর্তি করা যাচ্ছে না। ১৩ জনের মধ্যে ছয়জন তিনটি চৌকিতে এবং অন্য সাতজন রোগীকে ছোট কক্ষের মেঝেতে থাকতে হচ্ছে।এ ছাড়া যক্ষ্মায় আক্রান্ত চারজন এবং তিনজন মানসিক রোগীকে হাসপাতালের অন্য কক্ষে পৃথকভাবে রাখা হয়েছে। হাসপাতালে নারী বন্দীদের ভর্তির কোনো সুযোগ নেই। অসুস্থ নারী বন্দীদের অবস্থা খুব খারাপ হলে তাঁদের বাইরের হাসপাতালে পাঠানো হয়।জানা যায়, ওই হাসপাতালে স্থায়ী কোনো চিকিৎসক নেই। একজন ফার্মাসিস্টের ওপর নির্ভর করেই হাসপাতালের কাজ চলছে। কমপক্ষে তিনজন ফার্মাসিস্ট, একজন সেবিকা ও একজন স্থায়ী চিকিৎসক প্রয়োজন। বন্দীর তুলনায় হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা খুবই কম। সাধারণত কঠিন সমস্যা ও সংকট না হলে হাসপাতালে রোগী ভর্তি করা হয় না।কারা তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল হক জানান, হাসপাতালে স্থায়ী চিকিৎসক না থাকলেও অতিরিক্ত সিভিল সার্জন মো. মুখলেছুর রহমান কারাগারের চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। কারাধ্যক্ষ মো. জান্নাতুল ফরহাদ বলেন, নতুন কারাগার নির্মাণকাজ শুরু হয়েছে। নতুন কারাগার হলে আধুনিক হাসপাতালের সব সুযোগ-সুবিধা ও জনবল থাকবে। তবে যেভাবে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে তাতে ২০ বছর লেগে যাবে নতুন কারাগারের কাজ শেষ হতে। কারাগারে কর্মরত ফার্মাসিস্ট মো. রুহুল আলম বলেন, ‘বন্দীদের মধ্যে প্রায় ১০০ জন রোগী রয়েছেন। কিন্তু জায়গা না থাকায় সব রোগীকে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয় না। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জনবল সংকট। আমাকে ২৪ ঘণ্টা একনাগাড়ে দায়িত্ব পালন করতে হয়।’