কারা হেফাজতে থাকা আহত ইউপি সদস্যের মৃত্যু
মাদারীপুরে ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত এক ইউপি সদস্যের ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শওকত মাতুব্বর (৫৫) নামের সদ্য নির্বাচিত ওই ইউপি সদস্য গত শনিবার রাতে কারা হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। দিবাগত রাত দুইটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
শওকত মাতুব্বর সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হন। নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হওয়ার পর একই ঘটনাসংশ্লিষ্ট হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি দুই মাস ধরে ফরিদপুরে কারাগারে বন্দী ছিলেন।
ফরিদপুর কারাগারের সুপার আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, একটি হত্যা মামলায় শওকতকে মাদারীপুর কারাগার থেকে গত ২৫ এপ্রিল চিকিৎসার জন্য ফরিদপুর কারাগারে পাঠানো হয়। আহত থাকায় তখন তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হয়ে উঠলে তাঁকে কারাগারে ফিরিয়ে আনা হয়। শওকত শনিবার রাত নয়টার দিকে আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান শওকত।
গত ৩১ মার্চ অনুষ্ঠিত মস্তফাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী কুদ্দুস মল্লিক বিজয়ী
হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহরাব খান। নির্বাচনের পর থেকেই দুজনের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। ১৬ এপ্রিল উভয়ের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় শওকত মাতুব্বর, আলী আজগর মাতুব্বর ও জুয়েল মল্লিক গুলিবিদ্ধ হন।
শওকত ছিলেন বিদ্রোহী প্রার্থীর সমর্থক। জুয়েল ছিলেন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক। তিনি চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
মস্তফাপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কুদ্দুস মল্লিক বলেন, জুয়েলের মৃত্যুর পর হত্যা মামলা হয়। ওই মামলায় গত ২৫ এপ্রিল মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন শওকতকে গ্রেপ্তার করে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। সেখানে কারা হেফাজতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাঁকে।
এদিকে কারা হেফাজতে শওকতের মৃত্যুর খবরে মস্তফাপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ।