কারা হেফাজতে মারা গেছেন সিবিএ নেতা বি এম বাকির
কারা হেফাজতে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনালী ব্যাংক সিবিএর সাবেক সভাপতি বি এম বাকির হোসেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান।ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার তৌহিদুল ইসলাম জানান, বন্দী অবস্থায় গত ২২ ডিসেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন বি এম বাকির হোসেন। তাত্ক্ষণিকভাবে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিনই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থান সংকুলান না হওয়ায় ২৫ ডিসেম্বর তাঁকে লালমাটিয়া মিলেনিয়াম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁর পরিবারের সদস্যদের সম্মতিতে ওই দিনই অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) গোলাম হায়দার জানান, অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল দুপুর দুইটার দিকে বি এম বাকির হোসেন মারা যান।