কারা হেফাজতে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু
যশোর কেন্দ্রীয় কারাগারের হেফাজতে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সামী-উজ-জামান ওরফে উজ্জ্বল (৩৮) মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
উজ্জ্বল শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের মনিরুজ্জামানের ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, মাদকের একটি মামলায় যশোরের আমলি আদালতের মাধ্যমে গত ২০ জুন উজ্জ্বলকে কারাগারে পাঠানো হয়। কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়লে তাঁকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল সকালে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে যশোর কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মহিউদ্দীন হায়দার প্রথম আলোকে বলেন, উজ্জ্বল আগে থেকেই অসুস্থ ছিলেন। তাঁর বুকে রিং পরানো ছিল। গতকাল স্ট্রোক করলে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।
নিহতের ছোট ভাই তানভীর-উজ-জামান প্রথম আলোকে বলেন, তাঁর ভাইয়ের লিভারের সমস্যা ছিল। গতকাল অসুস্থতার খবর পেয়ে তাঁরা হাসপাতালে ছুটে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়।