সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ও কারা কর্তৃপক্ষের মতবিনিময় সভা
কারাগার ও আদালতের মধ্যে তথ্য বিনিময় জোরালো করতে হবে
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেছেন, কারা কর্তৃপক্ষ ও সর্বোচ্চ আদালতের মধ্যে পারস্পরিক তথ্য বিনিময় আরও জোরালো করা হলে কারাগারে আটক বন্দীদের আইনি সহায়তা দেওয়া নিশ্চিত করা সম্ভব হবে।
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ও কারা কর্তৃপক্ষের মধ্যে এক মতবিনিময় সভায় গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ কথা বলেন। বিকেলে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, বিদ্যমান ব্যবস্থায় কয়েদিদের মধ্যে লিগ্যাল এইডের বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। একই সঙ্গে হাইকোর্টে করা মামলাগুলোর ফলোআপ জানানো, কারাগার পরিদর্শন প্রভৃতি কার্যক্রম নিয়মিত করতে হবে। দুই পক্ষের মধ্যে যোগাযোগের ফলে বন্দীদের আইনি সেবা দেওয়া সর্বাত্মকভাবে নিশ্চিত করা সম্ভব হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কারা উপমহাপরিদর্শক এ কে এম ফজলুল হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ, মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়ক রুমা সুলতানা, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্যসচিব টাইটাস হিল্লোল রেমা প্রমুখ।