কারাগার ও বিমানবন্দরে অধিকতর সতর্কতা, নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার ঢাকায় র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী হামলার পর সারা দেশের কারাগারে নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করা হয়। ছবিটি আজ খুলনা জেলা কারাগার থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
শুক্রবার ঢাকায় র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী হামলার পর সারা দেশের কারাগারে নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করা হয়। ছবিটি আজ খুলনা জেলা কারাগার থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

রাজধানীর আশকোনায় র‍্যাব ক্যাম্পে আত্মঘাতী বিস্ফোরণে সন্দেহভাজন জঙ্গি নিহত হওয়ার পর দেশের সব কারাগার ও বিমানবন্দরে অধিকতর সতর্কতা জারি করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুর একটার দিকে হজরত শাহজালাল বিমান বন্দর সংলগ্ন র‍্যাব সদর দপ্তরের ব্যারাকে আত্মঘাতী বিস্ফোরণে সন্দেহভাজন একজন জঙ্গি নিহত হন। এর দুদিন আগে গত বুধবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক বাড়ি থেকে বিস্ফোরকসহ এক জঙ্গি দম্পতিকে গ্রেপ্তার করা হয়। পাশের বাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ ও গুলিতে এক নারীসহ চার জঙ্গি নিহত হওয়ার মধ্যে দিয়ে সীতাকুণ্ড অভিযানের সমাপ্তি ঘটে। নিহত নারী জঙ্গির পাশে পরে এক শিশুর বোমায় বিক্ষত লাশ পাওয়া যায়।

এই দুটি ঘটনার পর দেশের সব কারাগারে সতর্কতা ও নিরাপত্তা জারির ঘোষণা দেয় কারা ও বেসরকারি বিমান পরিবহন কর্তৃপক্ষ। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) সবাইকে এই বার্তা পাঠান বলে জানিয়েছে কারা উপমহাপরিদর্শক তৌহিদুল ইসলাম।

কারা অধিদপ্তর সূত্র জানায়, সতর্কতা হিসেবে কারাগারে আসা দর্শনার্থীদের কঠোরভাবে শরীর তল্লাশি করা হবে। তার পর তারা বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। নতুন যেসব বন্দী কারাগারে আসবে তাদেরও শরীর এবং তাদের সঙ্গে থাকা মালামাল ভালোভাবে তল্লাশি করে কারাগারে ঢোকানো হবে। এ ছাড়া কারারক্ষীরা বুলেট প্রুফ জ্যাকেট পরে দায়িত্ব পালন করবেন। অস্ত্রধারী যেসব কারারক্ষী আছে, সতর্ক অবস্থায় থাকবেন। কারা অভ্যন্তরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি কারাগারের আশপাশে টহল বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। সারা দেশে মোট ৬৮ কারাগারে বর্তমানে ৭৮ হাজার বন্দী আছেন। তাদের মধ্যে রয়েছেন পাঁচ শতাধিক জঙ্গি।

কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি প্রিজন) কর্নেল ইকবাল হাসান আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আশকোনায় প্রস্তাবিত র‍্যাব সদর দপ্তরে আত্মঘাতী হামলায় এক হামলাকারী নিহত হওয়ার পর দেশের সব কারাগারগুলোতে অধিকতর সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এটি ‘রেড অ্যালার্ট’ নয়, তবে সবাইকে ‘অধিকতর সতর্কতা’ অবলম্বন করতে বলা হয়েছে। তিনি বলেন, যে সব কারাগারগুলোতে জঙ্গি রয়েছে সেখানে জঙ্গিদের আলাদা সেলে রাখা হয়। ওই সব সেল থেকে জঙ্গিদের বের হতো দেওয়া হয় না এবং তাদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা থাকে। গতকালের ঘটনার পর ওই সব সেলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে দেশের সব বিমানবন্দরে অধিকতর সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবসা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার তানজিনা আকতার বলেন, বিমান বন্দরে প্রবেশপথে তল্লাশি বাড়ানোর পাশাপাশি এপিবিএনের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

সর্বশেষ গত ৬ মার্চ ঢাকার উপকণ্ঠ টঙ্গীর কলেজগেট এলাকায় হরকাতুল জিহাদ নেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানকে ও তার সহযোগীদের ছিনিয়ে নিতে প্রিজন ভ্যানে বোমা হামলা চালায় এক জঙ্গি। এ সময় মোস্তফা কামাল নামের এক জঙ্গিকে চাপাতি, বোমা ও গ্রেনেডসহ গ্রেপ্তার করে পুলিশ। ঢাকার আদালতে হাজিরা শেষে ঢাকা থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার সময় টঙ্গীর কলেজ গেট এলাকায় এ হামলা হয়।

২০১৬ সালের ৬ নভেম্বর সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ওপর ছুরি নিয়ে হামলা চালান এই যুবক। তাঁর ছুরিকাঘাতে আনসার সদস্য সোহাগ আলী নিহত এবং আনসার ও এপিবিএনের তিন সদস্য আহত হন। একপর্যায়ে আক্রমণকারী যুবককে আহতাবস্থায় গ্রেপ্তার করা হয়।

২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কোন রকম পুলিশি নিরাপত্তা ছাড়াই ময়মনসিংহের আদালতে আনার পথে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় বোমা হামলা চালিয়ে জঙ্গিরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির সদস্য সালেহীন, রাকিব হাসান ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বোমারু মিজানকে ছিনিয়ে নিয়ে যায়।

৭ মার্চ কুমিল্লায় একটি বাসে তল্লাশির সময় দুই জঙ্গি পুলিশকে বোমা মেরে আহত করে। পুলিশ এ ঘটনায় অস্ত্র ও বোমাসহ দুই জঙ্গিকে গ্রেপ্তার করে। চালিয়ে অস্ত্র ও বোমা উদ্ধার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের ওয়ার্ডে আরেক বাড়িতে দীর্ঘ ১৯ ঘণ্টা অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট দল।

২০১৫ সালের শুরু থেকে ২০১৬ সালের মাঝামাঝি সময় একের পর এক লেখক, ব্লগার, প্রকাশককে হত্যা করা হয়। তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে পুলিশ হত্যা এবং চট্টগ্রামের নৌ বাহিনীর মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে এরই মধ্য।