কারাগার থেকে জঙ্গিদের আদালতে আনা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারের জন্য গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে বন্দী জঙ্গিদের বিচারিক আদালতে আনা হচ্ছে না। গত এক মাসে জঙ্গি সম্পৃক্ত মামলাগুলোর তারিখ পড়লেও আসামিদের হাজির না করায় শুনানি পিছিয়ে যাচ্ছে।
গত ৬ মার্চ ঢাকার আদালত থেকে একটি মামলার শুনানি শেষে পুলিশি পাহারায় শীর্ষ জঙ্গিনেতা ফাঁসির দণ্ড পাওয়া মুফতি হান্নানকে বহনকারী প্রিজন ভ্যানটি কাশিমপুর কারাগারে ফিরছিল। সেদিন সন্ধ্যায় টঙ্গীর কলেজগেট এলাকায় প্রিজন ভ্যানে বোমা হামলা চালানো হয়। এরপর থেকেই কারাগার থেকে জঙ্গি মামলার আসামিদের আদালতে আনা বন্ধ রয়েছে। আদালত ও কারাগার সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
জেএমবিসহ জঙ্গি সংগঠনের অধিকাংশ সদস্যকে রাখা হয়েছে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে।
কারাগারটির জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, কী কারণে জঙ্গিদের আদালতে হাজির করানো হচ্ছে না, তা পুলিশ ভালো জানে। কারাগার থেকে আসামি আদালতে পাঠানো নির্ভর করে পুলিশের ওপর। তিনি বলেন, মুফতি হান্নানকে বহনকারী প্রিজন ভ্যানে হামলার পর থেকে পুলিশ আসামিদের আদালতে নিচ্ছে না।
সম্প্রতি দেখা গেছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যদের আদালতে হাজির না করায় মামলার শুনানি, রায় ঘোষণা, যুক্তিতর্ক ও আত্মপক্ষ সমর্থনের শুনানির তারিখ পিছিয়েছে। মামলার সাক্ষীরা আদালতে এসে ফিরে যাচ্ছেন। আসামি না আনার কারণ হিসেবে কারাগার কর্তৃপক্ষ আদালতে প্রতিবেদন দিয়ে বলছে, পুলিশ সদস্যদের না পাওয়ায় তারা আদালতে আসামিদের হাজির করাতে পারছে না।
গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলায়মান প্রথম আলোকে বলেন, জেল কর্তৃপক্ষ যখন তাঁদের বলে, তখন পুলিশসহ প্রিজন ভ্যান পাঠানো হয়। জেল থেকে বলা না হলে পুলিশ আসামিকে আদালতে নিতে পারে না।
গত এক মাসে ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাচেষ্টার মামলা, ঢাকার ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আশুলিয়ায় ব্যাংক ডাকাতি মামলার তারিখ পিছিয়েছে। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে একটি মামলার রায় ঘোষণা পিছিয়েছে।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, গত বুধবার তাঁর আদালতে জেএমবির একটি মামলার যুক্তিতর্কের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু কারাগারে থাকা এই মামলার দুজন জেএমবি সদস্যকে আদালতে হাজির করা হয়নি। এ কারণে শুনানি সম্ভব হয়নি। শুনানির নতুন দিন ঠিক করা হয়েছে।
ঢাকার আদালতের হাজতখানায় কর্মরত পুলিশের এক কর্মকর্তা বলেন, জঙ্গিদের আদালতে আনা না হলেও কারাগার থেকে ‘কাস্টডি ওয়ারেন্টের (সিডব্লিউ)’ কাগজ পাঠানো হচ্ছে।
রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনের এই মামলায় গ্রেপ্তার হয়ে জেএমবির সদস্য আজমির অমিত, গোলাম সারোয়ার রাহাত, সৈয়দ জিয়াউল ইসলাম ও আল আমিন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আছেন। মামলাটির বিচার চলছে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে। ৩ এপ্রিল মামলাটির শুনানির তারিখ ছিল। অথচ এই চার জেএমবি সদস্যকে আদালতে আনা হয়নি। একই দিন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আরেকটি জঙ্গি মামলার তিন সদস্যকে আদালতে আনা হয়নি। আসামি না আসায় সাক্ষীদের ফিরে যেতে হয়েছে।
ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি সৈয়দ শামসুল হক বাদল প্রথম আলোকে বলেন, তাঁর আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার বিচার শেষ পর্যায়ে। আত্মপক্ষ সমর্থনের শুনানি চলছে। কিন্তু আসামিদের হাজির না করায় শুনানি দুবার পিছিয়েছে।