কারাগার থেকে নিজ দেশে ছোট্ট আরিফুল
আরিফুল শেখ! বয়স মাত্র চার বছর। বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর মহকুমার গজধরপাড়া গ্রামে। এক বছর ধরে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দী ছিল সে। গতকাল রোববার কারাগার থেকে মুক্তি পেয়ে সে নিজ দেশে ফিরে গেছে।বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সহযোগিতায় আরিফুল ও তার নানা-নানি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গত বছর বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তাঁরা পুলিশের হাতে ধরা পড়ে। পরে নানা-নানির সাজা হলে আরিফুলও তাঁদের সঙ্গে কুষ্টিয়া জেলা কারাগারে রয়ে যায়। তার বাবার নাম শরিফুল শেখ, মায়ের নাম কাজল রেখা বিবি।কুষ্টিয়া জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত বছর ১৫ এপ্রিল আরিফুল তার নানা হাসিমুদ্দীন শেখ (৪৮) ও নানি মাফরুজা খাতুনের সঙ্গে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের গাবতলা গ্রামে আত্মীয়ের বাড়িতে আসার পথে দৌলতপুর সীমান্তের চিলমারী এলাকায় পুলিশের হাতে ধরা পড়ে। অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করে। গত ১৫ এপ্রিল আদালতের মাধ্যমে তাদের কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়। আদালত গত ১২ মে আরিফুলের নানা-নানিকে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। জরিমানার টাকা পরিশোধের পর আদালত বিধি মোতাবেক সরকারি ব্যবস্থাপনায় আরিফুলসহ তাঁদের ভারতে পাঠানোর নির্দেশ দেন।কুষ্টিয়া কারাগারের কারাধ্যক্ষ ওমর ফারুক জানান, চলতি মাসের ১৫ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক চিঠিতে আরিফুল ও তার নানা-নানিকে ভারতে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। বিজিবির মাধ্যমে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে তাদের ভারতে পাঠানো হয়। তিনি আরও জানান, শিশুটির কোনো সাজা হয়নি। সে কারাগারের ভেতরে তার নানির সঙ্গে থাকত। ব্লাস্ট কুষ্টিয়ার সমন্বয়ক শংকর মজুমদার জানান, সাজার মেয়াদ শেষ হলেও আরিফুল ও তার নানা-নানি অতিরিক্ত আট মাস বন্দী ছিল। দুই দেশের যোগাযোগের ফলে আজ (গতকাল রোববার) তারা মুক্ত হলো। চুয়াডাঙ্গা ৩৫ বিজিবি কমান্ডার সুলতান আহমেদ বলেন, বিএসএফের কাছে সকাল সাড়ে ১০টার দিকে তাদের হস্তান্তর করা হয়।