সাকা-মুজাহিদের সঙ্গে দেখা করলেন দুই ম্যাজিস্ট্রেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা জেলা প্রশাসনের এই দুই ম্যাজিস্ট্রেট সকাল ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। সেখান থেকে বিকেল সাড়ে তিনটার তাঁরা বেরিয়ে আসেন। ছবি: সাজিদ হোসেন
ঢাকা জেলা প্রশাসনের এই দুই ম্যাজিস্ট্রেট সকাল ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। সেখান থেকে বিকেল সাড়ে তিনটার তাঁরা বেরিয়ে আসেন। ছবি: সাজিদ হোসেন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে দেখা করেছেন দুই ম্যাজিস্ট্রেট। তাঁরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ছিলেন।
ঢাকা জেলা প্রশাসন সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত দুই আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না, তা জানতেই দুই ম্যাজিস্ট্রেটের কারাগারে যাওয়া।
ঢাকা জেলা প্রশাসনের এই দুই ম্যাজিস্ট্রেট আজ শনিবার সকাল ১০টার দিকে তাঁরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। বেলা সাড়ে তিনটার দিকে বেরিয়ে আসেন। তবে বের হয়ে যাওয়ার সময় তাঁরা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।
সকালে কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দুই ম্যাজিস্ট্রেট কারাগারের রজনীগন্ধা সেলে গিয়ে পৃথকভাবে সাকা চৌধুরী ও মুজাহিদের সঙ্গে দেখা করবেন। এরপর আসামিরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না, তা আনুষ্ঠানিকভাবে জানতে চাইবেন।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে কারা কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সকালে বলেছিলেন, ওই দুই ম্যাজিস্ট্রেট বেরিয়ে আসার পর সাকা-মুজাহিদের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দণ্ডিতরা প্রাণভিক্ষার আবেদন করলে তা রাষ্ট্রপতির কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে। তা না হলে ফাঁসি কার্যকরের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সাকা-মুজাহিদের সঙ্গে আইনজীবীদের দেখা করতে না দেওয়ার ব্যাপারে জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেছিলেন, এ ধরনের সাক্ষাতের অনুমতি দেওয়ার ব্যাপারটি সেভাবে তাঁদের হাতে নেই। তবে, দণ্ডিতদের কেউ যদি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চান, তাহলে সেই ইচ্ছা পূরণ করতে কারা কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা করবে।