কারাগার থেকে মুক্তি পেলেন আরও তিন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে অবমাননা করার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী থানায় করা রাষ্ট্রদ্রোহের মামলায় কারাগারে থাকা আরও তিন শিক্ষক জামিনে মুক্তি পেয়েছেন। আজ রোববার রাত আটটার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাঁরা মুক্তি পান।

মুক্তি পাওয়া তিন শিক্ষক হলেন বাঁশখালীর বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের শিক্ষক দুকুল বড়ুয়া, মাধ্যমিক শিক্ষক সমিতি বাঁশখালীর সভাপতি তাহেরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া। এর আগে গত ২৬ সেপ্টেম্বর ১৩ শিক্ষকের মধ্যে ১০ জনকে জামিন দিয়েছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ। ওই দিন তিন শিক্ষকের জামিন মঞ্জুর না হওয়ায় তাঁরা হাইকোর্টে জামিনের আবেদন করেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান রাতে প্রথম আলোকে বলেন, হাইকোর্ট থেকে পাওয়া তিন শিক্ষকের জামিননামা বৃহস্পতিবার কারাগারে আসে। যাচাই-বাছাই করে রোববার রাতে তাঁদের মুক্তি দেওয়া হয়।

গত বছরের জুলাই মাসে বাঁশখালীসহ চট্টগ্রামের ছয়টি উপজেলায় নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের সৃজনশীল অংশের একটি প্রশ্নে বঙ্গবন্ধুকে অবমাননা করার অভিযোগ ওঠে। ওই পরীক্ষার এক দিন পর গত বছরের ১৯ জুলাই প্রথমে পুলিশের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। ওই দিনই শিক্ষক দুকুল বড়ুয়া ও তাহেরুল ইসলামকে বাঁশখালী থানার পুলিশ আটক করে। পরে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। শিক্ষক দুকুল বড়ুয়া ৪৯ এবং তাহেরুল ১৫ দিন পর জামিনে মুক্তি পান।

গত বছরের ২২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ক্রমে রাষ্ট্রদ্রোহের মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। এই মামলায় ১৩ শিক্ষককে আসামি করা হয়। পরে সব শিক্ষক উচ্চ আদালত থেকে জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় গত ২৩ আগস্ট বাঁশখালীর বিচারিক হাকিম আদালতে হাজির হন তাঁরা। আদালত তাঁদের কারাগারে পাঠান। ৩৫ দিন পর গত ২৬ সেপ্টেম্বর ১০ শিক্ষক জামিনে মুক্তি পান। তাঁরা হলেন মাধ্যমিক শিক্ষক সমিতি বোয়ালখালী উপজেলার সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক আমীর হোসেন, আনোয়ারার সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক বাদল দাশ, পটিয়ার সভাপতি মো. ইউসুফ, সাধারণ সম্পাদক শ্যামল দে, সাতকানিয়ার সভাপতি অজিত কারণ, সাধারণ সম্পাদক ওয়াইজ উদ্দিন এবং চন্দনাইশ উপজেলার সভাপতি বিজন ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক এ এইচ এম সৈয়দ হোসেন।

১ মাস ২৩ দিন পর আরও তিন শিক্ষক আজ জামিনে মুক্তি পান। ১৩ শিক্ষকদের মধ্যে নয়জন প্রধান শিক্ষক আর চারজন সহকারী শিক্ষক।