কারাগার থেকে মুক্তি পেয়ে ভাইকে কোপানোর অভিযোগ
২২ বছর কারাভোগের পর মুক্তি পেয়ে এক ব্যক্তি তাঁর ছোট ভাইকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আমখার গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ফিরোজ মিয়া (৩২)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্ত্রী হত্যার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের সুরুজ মিয়া (৪২) নামের ওই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়। এ সময়ের মধ্যে তিনি ২২ বছর কারাভোগ করেন। সরকারের ক্ষমার আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলখানা থেকে গত মঙ্গলবার তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পেয়ে সুরুজ নিজের বাড়ি না গিয়ে আমখার গ্রামে নানার বাড়িতে ওঠেন। এ খবর পেয়ে তাঁকে বাড়ি ফিরিয়ে নিতে ছোট ভাই ফিরোজ মিয়া গত বৃহস্পতিবার সেখানে যান। রাতের খাবার খেয়ে দুই ভাই একই ঘরে শুয়ে পড়েন। একপর্যায়ে গভীর রাতে সুরুজ তাঁর ছোট ভাইকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম গতকাল শনিবার প্রথম আলোকে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সুরুজকে গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিম আদালতে নেওয়া হয়। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।