কারাগার থেকে মুক্তি পেয়েই গণসংযোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটায় তখন বেলা সাড়ে ১১টা। কুমিল্লার চান্দিনা পৌরসভার ধানসিঁড়ি এলাকার স্মরণিকা সুপার মার্কেটের সামনে গণসংযোগ করছেন মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. আলমগীর খান। সঙ্গে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। অনেক দিন পর মেয়রকে কাছে পেয়ে হাত মেলালেন ভোটাররা। বয়োজ্যেষ্ঠরা হাত বুলিয়ে দিলেন তাঁর মাথায়।
গতকাল সোমবারের দৃশ্য এটি। ভোরের আলো ফুটতে না ফুটতেই এলাকাবাসীর সামনে হাজির হন মেয়র। ভোট চান সবার কাছে। নেতা-কর্মীরা বলেন, ফজরের নামাজের পর থেকে গণসংযোগ শুরু করেছেন বিএনপির প্রার্থী।
গণসংযোগের একপর্যায়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় আলমগীর খানের। তিনি জানান, ২০১৩ ও ২০১৪ সালে তাঁর বিরুদ্ধে চারটি মামলা হয়। এর মধ্যে দুটি ঢাকার বংশাল থানায়। তিনি নাকি সেখানে নাশকতা চালিয়েছেন। এরপর চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা ও এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাঁর বিরুদ্ধে দুটি মামলা দেওয়া হয়। চান্দিনা থানায় করা নাশকতার মামলায় ১৭ নভেম্বর তিনি কুমিল্লা জেলা ও দায়রা জজের আদালতে হাজিরা দেন। তখন তাঁকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়। ২৬ নভেম্বর তিনি জামিনে মুক্তি পান। এর আগে ১১ মাস গ্রেপ্তার-আতঙ্কে পৌর এলাকার বাইরে ছিলেন। কারাগার থেকে মুক্তি পেয়েই গণসংযোগে নেমে পড়েছেন। এখন তাঁর চাওয়া, তাঁর কর্মীরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্তত চারজন ভোটার বলেন, চান্দিনা পৌরসভায় আক্ষরিক অর্থে কোনো উন্নয়ন হয়নি। এ ওয়ার্ডে গ্যাস-সংযোগ দেওয়া হয়নি। রাস্তাঘাটও বেহাল।
এ বিষয়ে মেয়র আলমগীর খান বলেন, চান্দিনা পৌরসভার উন্নয়নের জন্য ৩০০ কোটি টাকার ২৭টি প্রকল্পের কাজ আসবে। ইতিমধ্যে পৌরসভার জন্য মহাপরিকল্পনা নেওয়া হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, নির্বাচনে সবাই যেন শান্তিপূর্ণ প্রচারণা ও গণসংযোগ করতে পারেন, সে ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে।