কারাগার সংস্কার নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় শুরু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুনলে খটকা লাগতে পারে, কিন্তু তথ্যটা সত্যি। জনসংখ্যার তুলনায় বাংলাদেশে কারাবন্দীর সংখ্যা কম। যুক্তরাজ্যভিত্তিক দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর প্রিজন স্টাডিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে হাজতি ও সাজা পাওয়া হিসেবে আটক ব্যক্তির সংখ্যা ৯২ লাখ ৫০ হাজারেরও বেশি। এর মধ্যে বাংলাদেশে বন্দীর সংখ্যা ৭১ হাজার ২০০ জন। এ হিসাব ২০০৬ সালের। তবে গত কয়েক বছরে কারাগারে আটক ব্যক্তিদের সংখ্যার তেমন হেরফের ঘটেনি।বাংলাদেশের কারাগার নিয়ে উদ্বেগ অন্য কারণে। এখানকার কারাগারগুলোতে রয়েছে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দী। বগুড়া ও মাদারীপুর কারাগার এবং ঢাকার কাশিমপুর কারাগারে পাঁচ হাজার ৭০০ বন্দীর ধারণক্ষমতা থাকলেও এগুলোতে রাখা হচ্ছে ১৫ হাজারের বেশি বন্দীকে। ফলে তাদের ন্যূনতম মৌলিক সুবিধা নিশ্চিত করা যাচ্ছে না। কারা সংস্কারের নানা বিষয় নিয়ে কাল বুধবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনের এক আন্তর্জাতিক সম্মেলন। মিরপুরের পুলিশ স্টাফ কলেজে অনুষ্ঠেয় ওই সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জেলসংক্রান্ত আইনের সংস্কার নিয়ে আলোচনা হবে। জিটিজেডের সহায়তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সম্মেলনের আয়োজন করছে। এতে সহায়তা করছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), ব্র্যাক ও মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন।সম্মেলনে অংশ নিতে ঢাকায় আসছেন ভারতের সাবেক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ও সে দেশের কারা ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ গ্রহণকারী কিরণ বেদী। ম্যাগসেসাই পুরস্কার বিজয়ী ভারতের প্রথম শীর্ষস্থানীয় ওই পুলিশ কর্মকর্তা সম্মেলনের মূল প্রতিবেদন উপস্থাপন করবেন। এ ছাড়া সারা হোসেন, অ্যাডাম স্ট্যাপলেটন ও প্রমিতা সেনগুপ্ত সম্মেলনে বিশেষ নিবন্ধ উপস্থাপন করবেন।