
২২৮ বছরের পুরোনো কারাগারের ঠিকানা বদল হয়েছে। গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দীদের কেরানীগঞ্জের নতুন কারাগারে নেওয়া শুরু হয়। রাত পর্যন্ত ৬ হাজার ৪০০ বন্দীকে স্থানান্তর করা হয়। কেন্দ্রীয় কারাগারের জায়গায় কী হবে, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে চলছে নানা গুঞ্জন। এখানে বিনোদন পার্ক হবে বলে কারা সূত্র জানিয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় কারাগারের জায়গায় হবে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতি জাদুঘর। এলাকাবাসীর বিনোদনের স্থান হিসেবে কেন্দ্রীয় কারাগারের স্থানে পার্ক হবে। ঐতিহাসিক মূল্য আছে—এমন ভবন সংরক্ষণ করা হবে, যা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।’
সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার সরে গেলে পরিত্যক্ত ১৭ একর জমি কাজে লাগাতে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে। ইতিহাসবিদ, নগরবিদসহ পাঁচ সদস্যের একটি পরিকল্পনা কমিটি গঠন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ১১ একর জমিতে কারা কল্যাণ ভবন, কমিউনিটি সেন্টার, সুইমিংপুল, ব্যায়ামাগার, বহুতল পার্কিং, আধুনিক শপিং কমপ্লেক্স করা হবে। এ ছাড়া সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার নেতার পৃথক দুটি স্মৃতি জাদুঘর হবে। বাকি ৬ একর জমিতে কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট হবে।
মেয়র নির্বাচনের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন প্রতিশ্রুতি দেন, তিনি নির্বাচিত হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের স্থানে পার্ক ও খেলার মাঠ গড়ে তুলবেন। উন্মুক্ত স্থান হিসেবে পুরান ঢাকার বাসিন্দারা যাতে প্রাতর্ভ্রমণ করতে পারেন, সে ব্যবস্থা করবেন। শিশু-কিশোরদের জন্য খেলার সুযোগ করে দেবেন। তিনি বলেন, পুরান ঢাকা ঘনবসতিপূর্ণ এলাকা। সেখানে নেই কোনো পার্ক। শিশুদের জন্য তেমন খেলার মাঠ নেই। এলাকাবাসীর প্রাতর্ভ্রমণের কোনো ব্যবস্থা নেই। তাই পুরান ঢাকার বাসিন্দারা চান কেন্দ্রীয় কারাগারের জায়গাটি ‘উন্মুক্ত স্থান’ হিসেবে রাখা হোক।
সাঈদ খোকন জানান, কেন্দ্রীয় কারাগারের জায়গাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে। জায়গাটি সিটি করপোরেশন পেলে অবশ্যই এলাকাবাসীর চাহিদা পূরণ করা হবে। তিনিও চান কারাগারের স্থানটিকে উন্মুক্ত স্থান হিসেবে রাখা হোক। এলাকাবাসীর বিনোদনকেন্দ্র হিসেবে প্রাতর্ভ্রমণের বিষয়টি নিশ্চিত করা জরুরি। সর্বোপরি এলাকাবাসীর জন্য পার্ক গড়ে তোলা দরকার। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঐতিহ্য সমুন্নত রেখে পরিত্যক্ত জায়গায় ঘনবসতিপূর্ণ এলাকার মানুষের জন্য শিশুপার্ক, খেলার মাঠ, পুকুর, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ সবুজ বলয় গড়ে তোলা হোক।
জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির বলেন, নাজিমউদ্দিন রোডে ১৭৮৮ সালে নির্মিত কারাগার কেরানীগঞ্জে স্থানান্তরিত হয়েছে। কারাগারের ভেতরে ১৭ একর জমি রয়েছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী কারাগারের স্থানে মানুষের বিনোদনের জন্য পার্ক হবে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে কারাগারের কিছু ভবন সংরক্ষণ করা হবে।