কারাবন্দীদের সংখ্যা কমিয়ে আনার ১৫ দফা সুপারিশের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে শেষ হয়েছে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন। এতে বিশেষজ্ঞরা বলেন, অপরাধীদের কারাগারে পাঠানোকে সর্বশেষ পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে হবে।রাজধানীর মিরপুরের পুলিশ স্টাফ কলেজে ‘কারাগারে আটক ও ভুলে যাওয়া’ শীর্ষক কারা সংস্কারবিষয়ক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্মেলন আয়োজনে সহায়তা করেছে জার্মান সাহায্য সংস্থা জার্মান টেকনিক্যাল কো-অপারেশন (জিটিজেড), ব্র্যাক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন। সম্মেলনের শেষ দিনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী।সুপারিশে বলা হয়েছে, ফৌজদারি বিচারব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কারা কর্তৃপক্ষ, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও গণমাধ্যমকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে। কারাবন্দীদের কারাগারে পাঠানোকে সর্বশেষ বিকল্প হিসেবে দেখতে হবে। তাতে আরও বলা হয়, কারাবন্দীর মাত্রাতিরিক্ত সংখ্যা কমাতে কারাগারের সংখ্যা বাড়ানোকেই সমাধান হিসেবে ভাবা যাবে না। সাধারণ অপরাধের ক্ষেত্রে প্রচলিত বিচারব্যবস্থার বাইরে বিকল্প পথে অপরাধের শাস্তি দেওয়ার বিষয়ে অগ্রাধিকার দিতে হবে। কারাবন্দীদের সংখ্যাধিক্য, কারা আইন ও আইনগত সহায়তার বিষয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা শেষে বিশেষজ্ঞরা এসব মত দেন। কারা সংস্কারের ১৫ দফা সুপারিশে আরও বলা হয়েছে, বিচারের আগে কিংবা বিচার চলাকালে বন্দীদের কারাগারে রাখার সময়সীমা কমানোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কারাগার কিংবা হাজতে না রেখে অপরাধীদের বিচারের ব্যবস্থা করা, দণ্ড দেওয়া অপরিহার্য বিবেচিত হলে সম্ভাব্য ক্ষেত্রে ন্যূনতম দণ্ড দেওয়া, এ ক্ষেত্রে হাজতে আটককালীন সময়কে দণ্ড থেকে বাদ দেওয়ার কথাও সুপারিশের তালিকায় আছে। মাদকাসক্ত, মানসিক ভারসাম্যহীন কিংবা গুরুতর অসুস্থ অপরাধীদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কিশোর কিংবা অপ্রাপ্তবয়স্ক অপরাধীদের প্রাপ্তবয়স্ক অপরাধীদের কাছ থেকে আলাদা রাখার পদক্ষেপ নিতে হবে। বন্দীর সংখ্যা বেড়ে গেলে তাদের সবার প্রতি সর্বোচ্চ মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি সব কারাবন্দীর আইনি সুবিধা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে গত বুধবার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যাগসেসাই পুরস্কার বিজয়ী ভারতের পুলিশের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা কিরণ বেদি। তিনি দিল্লির তিহার কারাগারের সংস্কারের অভিজ্ঞতা তুলে ধরেন তাঁর উপস্থাপনায়।