কারাগারগুলোতে ৭৫ হাজার বন্দী রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেছেন, কারাগারগুলোতে বর্তমানে ৭৫ হাজার বন্দী রয়েছেন। যাঁরা এই সমাজেরই একটা অংশ। তাঁদের মধ্যে ২৫ হাজার সাজাপ্রাপ্ত, বাকি ৫০ হাজার বন্দীর বিচারকাজ চলছে। এই ২৫ হাজার বন্দী আমাদের জন্য জনশক্তি।

আজ শনিবার দুপুরে গাজীপুর জেলা কারাগারে নবনির্মিত কেইস টেবিল ভবন, কারাবন্দীদের গার্মেন্টস প্রশিক্ষণকেন্দ্র, গভীর নলকূপ এবং পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজি প্রিজন এসব কথা বলেন।

আইজি প্রিজন বলেন, ‘এই জনশক্তিকে কাজে লাগিয়ে ছোট-বড় কারখানা পরিচালনার কাজে লাগানো যেতে পারে। তাদের সম্পদে রূপান্তরিত করতে নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে কারাগারে আমরা পোশাক কারখানার পাশাপাশি জুতা তৈরির সূচি কাজ, বেতের চেয়ার-টেবিলসহ গৃহস্থালির আসবাবপত্র তৈরির প্রশিক্ষণ দিচ্ছি।’

গাজীপুর জেলা কারাগার প্রাঙ্গণে জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে ও গাজীপুর জেলা কারাগারের জেলার ফোরকান ওয়াহিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ভোরের কাগজ–এর সম্পাদক শ্যামল দত্ত এবং দ্য অ্যাপারেল নিউজ–এর সম্পাদক-প্রকাশক অমিত কে বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর জেলা কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ, গাজীপুর আদালতের সরকারি কৌঁসুলি হারিছ উদ্দিন আহমদ, জেলার ফোরকান উদ্দিন প্রমুখ।

আইজি প্রিজন বলেন, ‘কাউকে সংশোধন করা এত সহজ নয়। এ জন্য তার চরিত্র বিশ্লেষণ করতে হবে। আমাদের অনেক ক্ষেত্রে অনিয়ম করতে করতে তা নিয়মে পরিণত হয়ে গেছে। আমরা বাংলাদেশি বাঙালিরা কেন যেন সব সময় নীতি ভঙ্গের প্রতি বেশি বিশ্বাসী। আমরা কখনো লাইন, আইন মানতে চাই না। আমরা কোথাও কখনো নিয়ম মানতে চাই না। সব সময় আমি আমার প্রভাব খাটিয়ে আরেকজনের আগে আমি আমার সুযোগটা কীভাবে গ্রহণ করব, সে বিষয়ে তৎপর থাকি। এটা আমাদের সংশোধন করতে হবে। আমাদের জাতীয় চরিত্রের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। একইভাবে আমাদের কারাবন্দীদের সংশোধন করতে হলে তাদের চারিত্রিক সংশোধন করতে হবে, তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। শৃঙ্খলার প্রশিক্ষণ দিয়ে সেটা অভ্যাসে পরিবর্তন করতে হবে।’