কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী বিচারাধীন মামলার এক আসামি (হাজতি) গতকাল রোববার অসুস্থ হয়ে মারা গেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
গতকাল সকাল সোয়া নয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী কামাল হোসেন (২৮) নামের এক হাজতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। কারারক্ষী মো. জসীমউদ্দীন বলেন, গতকাল সকাল সাড়ে আটটার দিকে অসুস্থ হয়ে পড়েছিলেন কামাল। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কারারক্ষীরা বলেন, কামাল মাদকদ্রব্য-সংক্রান্ত মামলার আসামি ছিলেন।
গৃহবধূর মৃত্যু: গতকাল বিকেলে জয়া দাস (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে রমনা থানার পুলিশ। রমনা থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, গত শুক্রবার রাত সোয়া ১১টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ার বাসায় শাড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছিলেন জয়া। এরপর স্বজনেরা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা একটার দিকে তাঁর মৃত্যু হয়। এরপর পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, জয়া দাসের স্বামীর নাম হিল্লোল দাস। তাঁদের বাদ্যযন্ত্রের ব্যবসা রয়েছে। পারিবারিক কলহে জয়া দাস গলায় ফাঁস দিয়েছেন বলে স্বজনেরা পুলিশকে জানিয়েছেন।