কারাগারে আটক আসামিদের হাজির করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় বিশ্বজিৎ দাস হত্যা মামলায় কারাগারে আটক আট আসামিকে ৮ জুলাই হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর ভারপ্রাপ্ত বিচারক দেওয়ান মোহাম্মদ শফিউল্লাহ মামলার নথি গ্রহণ করে এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, গত ১৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বজিৎ হত্যা মামলা জনগুরুত্ব মামলা বিবেচনা করে ট্রাইব্যুনালে পাঠানো-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। গত রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক মামলা বদলি-সংক্রান্ত প্রজ্ঞাপন পাওয়ার পর তা ট্রাইব্যুনাল-৪-এ পাঠানোর আদেশ দেন।২৭ জুন দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন বিশেষ জজ আদালত-৩-এ যোগ দেন। গতকাল ট্রাইব্যুনাল-৪-এর ভারপ্রাপ্ত বিচারক আট আসামিকে হাজির করার আদেশ দেন। ওই দিন সাক্ষ্য গ্রহণের দিনও ধার্য করা হবে।গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা কুপিয়ে ও পিটিয়ে নিরীহ পথচারী বিশ্বজিৎ দাসকে হত্যা করেন। এ মামলায় ৫ মার্চ ছাত্রলীগের ২১ জন কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। তাঁদের মধ্যে আটজন কারাগারে এবং বাকিরা পলাতক।কারাগারে থাকা আটজন হলেন রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, এমদাদুল হক, জি এম রাশেদুজ্জামান, এইচ এম কিবরিয়া, কাইউম মিয়া, সাইফুল ইসলাম ও গোলাম মোস্তফা। পলাতক আসামিরা হলেন রাজন তালুকদার, খন্দকার মো. ইউনুস আলী, আজিজুল হক, তারিক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, মীর মো. নূরে আলম, আল-আমিন শেখ, মনিরুল হক, কামরুল হাসান ও মোশাররফ হোসেন।