
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া চূড়ান্ত রায়ের অনুলিপি গতকাল মঙ্গলবারও কারাগারে যায়নি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূত্র জানিয়েছে, ফাঁসির মঞ্চ প্রস্তুত, জল্লাদ ঠিক করাসহ যাবতীয় প্রস্তুতি শেষ। রায়ের অনুলিপি হাতে পাওয়ার পরই ফাঁসির রায় কার্যকর করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে।
তবে চূড়ান্ত রায়ের স্বাক্ষরিত অনুলিপি কারাগারে তো নয়ই, এখনো সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়েই যায়নি। জানতে চাইলে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত আপিল বিভাগের রায়ের কপি আমাদের কাছে আসেনি।’
ফাঁসির রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে কামারুজ্জামানের করা আবেদন গত সোমবার আপিল বিভাগ খারিজ করে দেন। আপিল বিভাগের এ রায় ঘোষণার মধ্য দিয়ে কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা বিচারের সর্বশেষ ধাপ শেষ হয়ে যায়। এখন শুধু তাঁর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ আছে।
কারা প্রশাসনের কর্মকর্তারা জানান, সাজাপ্রাপ্ত কামারুজ্জামানের রায় কার্যকর করার ক্ষেত্রে কারাবিধি প্রযোজ্য হবে না। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুসরণ করা হবে। ওই আইন অনুসারে রায়ের অনুলিপি হাতে আসার সঙ্গে সঙ্গে তা কামারুজ্জামানকে পড়ে শোনানো হবে। এরপর তাঁর কাছে জানতে চাওয়া হবে, তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না। তিনি যদি প্রাণভিক্ষার জন্য আবেদন করতে চান, তবে সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ফাঁসির রায় কার্যকর করা যাবে না। আর তিনি যদি প্রাণভিক্ষা চাইতে রাজি না হন, তাহলে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে। এরপর মন্ত্রণালয় ফাঁসির দিনক্ষণ ঠিক করে দেবে।
কারা অধিদপ্তরের ঢাকা বিভাগের উপমহাপরিদর্শক গোলাম হায়দার প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুসারে ফাঁসির রায় কার্যকরের দিনক্ষণ ঠিক করার ক্ষমতা সরকারের। তবে সরকার যদি কারা প্রশাসনকে কারাবিধি অনুসারে ব্যবস্থা নিতে আদেশ দেয়, তাহলে রায় পড়ে শোনানোর পর থেকে আসামি সাত দিন সময় পাবেন। এরপর রায় কার্যকর করা হবে।
কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না, জানতে চাইলে তাঁর আইনজীবী শিশির মনির গতকাল প্রথম আলোকে বলেন, কামারুজ্জামানের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা গতকাল সাক্ষাৎ করেছেন। বড় ছেলে হাসান ইকবালের মাধ্যমে তিনি জানিয়েছেন, রায়ের কপি পাওয়ার পর তিনি আইনজীবীদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। প্রাণভিক্ষার আবেদন করা হবে কি না, এ বিষয়ে তখন সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র জানায়, কামারুজ্জামান কারাগারে আট সেল নামে পরিচিত কনডেম সেলের একটি কক্ষে একাই থাকেন। এই সেলের আশপাশে আরও সাতটি সেল রয়েছে। সেলের ভেতরে তিনি তৃতীয় শ্রেণির কারাবন্দীর সুবিধা পেয়ে থাকেন। সাধারণ বন্দীরা যে ধরনের খাবার পান, তিনিও সেই খাবার পাচ্ছেন। এর আগে তিনি বিশেষ মর্যাদাপ্রাপ্ত বন্দী ছিলেন। কিন্তু আদালতের আদেশে তা বাতিল হয়ে যায়। সেলের ভেতরে কামারুজ্জামান দিনরাত তসবি জপেন বলে জানা গেছে। ওই সূত্রটি জানায়, ফাঁসির রায় বহাল রেখে দেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের খবরটি তিনি পরিবারের লোকদের মুখ থেকে জানতে পারেন। এর আগ পর্যন্ত তিনি এ খবর জানতেন না। খবর শোনার পর তিনি কিছুক্ষণ চুপচাপ ছিলেন। এরপর সবাইকে দোয়া করতে বলেন। রাতের বেলা তিনি নামাজ পড়ে স্বাভাবিকভাবেই খাবার খেয়েছেন।
কারা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চটি কনডেম সেলের উল্টো দিকে দেয়ালঘেরা স্থানে। বাইরে থেকে সেখানে কোনো কিছু দেখা যায় না। ফাঁসির মঞ্চের দেয়ালের উল্টো দিকে বিদেশি বন্দীদের সেল রয়েছে। নিয়ম অনুসারে ফাঁসির রায় কার্যকর করার সময় কারা প্রশাসনের মহাপরিদর্শক, কারা তত্ত্বাবধায়ক, জেলার, ঢাকা জেলা প্রশাসক বা তাঁর প্রতিনিধি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বা তাঁর প্রতিনিধি, পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার এবং ঢাকা জেলা সিভিল সার্জন উপস্থিত থাকবেন। ফাঁসি কার্যকর করার পর মৃতদেহটি ২০ মিনিট ঝুলিয়ে রাখা হয়।
এদিকে, রায় কার্যকর করার জন্য গত সোমবার থেকে ফাঁসির মঞ্চ পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। কারা প্রশাসন ইতিমধ্যে এক দফা মহড়াও দিয়েছে। সোমবার দুটি বালুর বস্তা দিয়ে পরীক্ষা করা হয়েছে, ৮২ কেজি ওজনের ব্যক্তিকে ঝোলানো সম্ভব কি না। ঢাকা কেন্দ্রীয় কারাগারে মোট ১৬টি ফাঁসির রশি আছে, এর একটি নিয়ে পরীক্ষা করা হয়েছে। যে ছয়জন জল্লাদ এখন কারাগারে আছেন, তাঁদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। তাঁদের যেকোনো তিনজনকে নেওয়া হবে। তবে ফাঁসি কার্যকরের মাত্র এক ঘণ্টা আগে জল্লাদদের এসব তথ্য জানানো হয়ে থাকে।
প্রস্তুতির ব্যাপারে জানতে চাইলে জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী প্রথম আলোকে বলেন, আদেশ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে প্রস্তুতি নেওয়া সম্ভব।
দণ্ডিত ব্যক্তিকে ফাঁসি দেওয়ার সময় তাঁর শেষ ইচ্ছা কী, তা জানতে চাওয়া হবে কি না, জানতে চাইলে একজন কর্মকর্তা বলেন, এটা সিনেমা-নাটকে আছে, জেল কোডে শেষ ইচ্ছা জানতে চাওয়ার কোনো বিধান নেই। তবু প্রথা অনুসারে কিছু বলার আছে কি না, তা জানতে চাওয়া হয়।
একাত্তরে শেরপুরের সোহাগপুর গ্রামে ১৪৪ জনকে হত্যা ও নারী নির্যাতনের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিপক্ষ। গত বছরের ৩ নভেম্বর সোহাগপুর হত্যাকাণ্ডের দায়ে সংখ্যাগরিষ্ঠ মতে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে ৫ মার্চ তা পুনর্বিবেচনার আবেদন করেন কামারুজ্জামান। দুই দফা শুনানি পেছানোর পর গত রোববার আপিল বিভাগে ওই আবেদনের শুনানি হয়। এরপর গত সোমবার সকাল নয়টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আসন নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী পুনর্বিবেচনার আবেদনের রায় ঘোষণা করেন। কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার ও আজ বুধবার সারা দেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।