কারাগারে খেলার মাঠ ও শিশুপার্ক নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারের ঐতিহ্য সমুন্নত রেখে খেলার মাঠ ও শিশুপার্ক নির্মাণের দাবি জানিয়েছে দেশের বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠন। গতকাল সোমবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইতিমধ্যে নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে বন্দীদের কেরানীগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। কিন্তু ঐতিহ্যবাহী এই পুরোনো কারাগারের জায়গা বাণিজ্যিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে। তা বাস্তবায়িত হলে ঘনবসতিপূর্ণ এই এলাকায় নাগরিক দুর্ভোগ আরও বাড়বে। পুরান ঢাকার জনস্বাস্থ্য বিবেচনা করে কারাগারের জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারা স্মৃতি জাদুঘর ও জাতীয় চার নেতার কারা স্মৃতি জাদুঘর সংরক্ষণসহ পার্ক, জলাধার, খেলার মাঠ করতে হবে। এতে নগরবাসীর জনস্বাস্থ্যের উন্নতি ঘটবে ও সামাজিক বন্ধন সুদৃঢ় হবে।

পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে মানববন্ধনে পবার সম্পাদকমণ্ডলীর সদস্য হাসান তারিক চৌধুরী, সমন্বয়কারী আতিক মোরশেদ, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি রাজিয়া সামাদ, পল্লীমা গ্রিনের সদস্যসচিব আনিসুল হোসেন, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের (নাসফ) হাজারীবাগ শাখার সহসভাপতি জি এম রুস্তম খান, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসনাত, বাংলাদেশ নাগরিক অধিকার সংস্থার সভাপতি মো. বাবুল, সুবন্ধন সমাজকল্যাণ সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, পুরান ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিম উদ্দিন, ইয়ুথ সানের সদস্য এরশাদ আলম প্রমুখ বক্তব্য দেন।