মাদক ব্যবসায়ীদের প্রলোভনের ফাঁদে পড়ে অবুঝ তিন শিশুর ঠাঁই হয়েছে কিশোরগঞ্জ জেলা কারাগারে। এরা হচ্ছে, আবুল বাশার (১৪) এবং আপন দুই ভাইবোন শামীম (৯) ও তাসলিমা (৭)। ওদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেরাশানি গ্রামে।পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, শরীরে আঠালো টেপ দিয়ে আটকে গাঁজা বহনের সময় গত শুক্রবার দুপুরে ভৈরব রেলওয়ে থানার পুলিশের হাতে ধরা পড়ে বাশার, শামীম ও তাসলিমা। পুলিশ তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। গত শনিবার পুলিশ তাদের কিশোরগঞ্জের বিচারিক হাকিম আদালতে হাজির করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আয়েজ উদ্দিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।জেলা কারাগারের কারা উপাধ্যক্ষ মো. সফিউল আলম জানান, তিন শিশুকে কারাগারের শিশু ওয়ার্ডে রাখা হয়েছে।আটক তিন শিশু পুলিশ ও সাংবাদিকদের জানায়, পাশের বাড়ির ভাবি মাজেদা বেগম তাদের প্রত্যেককে ৩০০ করে টাকা দেওয়ার লোভ দেখিয়ে শরীরে আঠালো টেপ দিয়ে গাঁজা বেঁধে দেন। পরে এমরান মিয়া নামের একজন তাদের নিয়ে বাসে চড়ে ভৈরব এসে নামে। সেখান থেকে ভৈরব রেলওয়ে স্টেশনে এসে ২ নম্বর প্লাটফরমে ঢাকাগামী ট্রেনের জন্য অপেক্ষা করার সময় তারা পুলিশের হাতে ধরা পড়ে। কিন্তু এর আগেই কেটে পড়ে এমরান মিয়া।শামীম ও তাসলিমা জানায়, তারা ছয় ভাইবোন। শামীম সবার বড়। তাদের মা মারা গেছে। খোরশেদ চৌধুরী অন্ধ। অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে একবেলা-আধবেলা তাদের আহার জোটে। আবুল বাশার জানিয়েছে, সে খেতে-খামারে কাজ করে। তার বাবার নাম শামসুল হক।ভৈরব জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম আকন্দ জানান, মাদক ব্যবসায়ীরা পাচারের কৌশল পাল্টিয়েছে। এ কাজে তারা এখন শিশুদের ব্যবহার করছে।বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক ও আইনজীবী মায়া ভৌমিক জানান, শিশুদের কারাগারে রাখার কোনো বিধান নেই। এটা মানবাধিকারের সম্পূর্ণ পরিপন্থী। যারা এদের মাদক ব্যবসার কাজে লগিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর কাজ তাদের খুঁজে বের করা।