মর্যাদাসম্পন্ন ব্যক্তিরাও বাদ যাচ্ছেন না
কারাগারে ডিভিশন পাবেন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তারা
প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাসহ রাজনৈতিক ও সামাজিকভাবে মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের কারাগারে ডিভিশন (প্রথম শ্রেণীর মর্যাদা) দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বর্তমানে কারাগারে গেলে সাধারণ হাজতিদের মতোই এই কর্মকর্তাদের থাকতে হয়। তবে আদালতের নির্দেশে কাউকে কাউকে ডিভিশন দেওয়া হয়। ডিভিশন পেলে একজন হাজতি পছন্দের খাবার, বিছানা, দৈনিক পত্রিকা, চেয়ার-টেবিল, ড্রেসিং টেবিল, পছন্দের চিকিৎসকের কাছে চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন।জানা গেছে, নতুন নীতিগত সিদ্ধান্তমতে, প্রথম শ্রেণীর কর্মকর্তা ছাড়াও বীরত্বপূর্ণ খেতাব—যথা: বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, স্বাধীনতা ও একুশে পদক, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব আছে এমন রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইমেরিটাস অধ্যাপক এবং বন্দী বা আটককালে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিকে ডিভিশন দেওয়া হবে।এ ছাড়া কয়েদিদের বিভিন্ন অপরাধের সাজা হিসেবে ঘানি টানা, বেত্রাঘাত করা এবং শাস্তিমূলক খাবার দেওয়ার বিধানটিও বাতিল করা হচ্ছে। কারাগারের নাম বদলে সংশোধনাগার করার পাশাপাশি সেখানে মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও সমাজকল্যাণ কর্মকর্তা নিয়োগ দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কারাবিধি সংস্কারসংক্রান্ত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অনানুষ্ঠানিকভাবে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করার নির্দেশ দেওয়া হলেও আনুষ্ঠানিক রূপ দিতে ফেব্রুয়ারি মাসের মধ্যে কারাবিধি সংশোধন করা হবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।কারা প্রশাসনের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ডিভিশন দেওয়ার ব্যাপারে কারা কর্তৃপক্ষের প্রস্তাবের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একমত পোষণ করেছে। কোনো হাজতির বিরুদ্ধে রায় হওয়ার আগ পর্যন্ত তিনি এসব সুবিধা পাবেন। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে কারা সংস্কারসংক্রান্ত বৈঠকে অন্য যেসব নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে কারা অধিদপ্তর কাজ শুরু করেছে।মহাপরিদর্শক বলেন, কারাবিধি সংশোধনের মাধ্যমে এসব বিষয় যুগোপযোগী করার কাজ চলছে। এ জন্য সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রতিবেদন জমা দিলেই সচিব কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের কারাগারগুলোকে সংশোধনাগারে পরিণত করা হবে। একই সঙ্গে বন্দীদের প্রশিক্ষণ, পুনর্বাসন ও তাঁদের জন্য কল্যাণ ফান্ড গঠনের বিষয়টিও প্রক্রিয়াধীন।উল্লেখযোগ্য সংশোধনীগুলো: বর্তমানে চাকরিতে যোগদানের সময় কারা কর্মকর্তাদের সিকিউরিটি বন্ড ও পেনাল্টি বন্ড সম্পাদন করতে হয়। কারাবিধি সংশোধন হলে এই দায় থেকে কর্মকর্তারা অব্যাহতি পাবেন। কারাগারে বিদ্যুৎবিভ্রাটের সময় হারিকেনের আলো দিয়ে বন্দীদের পাহারা দেওয়া হয়। কিন্তু এ প্রথা বাদ দিয়ে বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটর স্থাপন এবং প্রয়োজনে প্রতিটি ওয়ার্ডে চার্জার লাইট ব্যবহার করা হবে।কারাবিধি সংশোধন হলে যেসব কারাবন্দী রক্ত দান করবেন, তার বিনিময়ে তাঁদের প্রথমবার ৩০ দিন, দ্বিতীয়বার ৩২ দিন এবং তৃতীয়বার ৩৪ দিন হারে সাজা রেয়াত দেওয়া হবে। বন্দীদের বিনোদনের জন্য কারাগারের প্রতিটি ওয়ার্ডে টেলিভিশন দেওয়া হবে। এ ছাড়া ছয় বছর পর্যন্ত শিশুদের খাবার দেওয়া হবে, আগে দেওয়া হতো তিন বছর পর্যন্ত। এ ছাড়া নারী ও শিশু অপরাধীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে বলা হয়েছে।