কারাগারে তাজরীনের মালিক দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত প্রাঙ্গণে দেলোয়ার হোসেন
আদালত প্রাঙ্গণে দেলোয়ার হোসেন

তাজরীন ফ্যাশনসের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী মাহমুদা আক্তারের জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার সকালে ঢাকার বিচারিক হাকিম তাজুল ইসলামের আদালতে তাঁরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দেন। মাহমুদা আক্তার তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান।
দেলোয়ার হোসেনকে কারাগারে পাঠানোর পর এখন তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তাজরীনের আহত শ্রমিক এবং নিহতদের স্বজনেরা।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে আগুন লাগলে অন্তত ১১১ জন নিহত, দুই শতাধিক শ্রমিক আহত হন। ঘটনার পরদিন আশুলিয়া থানার পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কারখানায় অগ্নিসংযোগের অভিযোগ এনে একটি মামলা করে। ঘটনার কয়েক দিন পর রেহানা নামে নিখোঁজ এক শ্রমিকের ভাই আবদুল মতিন ঢাকার নিম্ন আদালতে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যার অভিযোগে একটি নালিশি মামলা করেন। আদালত আশুলিয়া থানাকে তা তদন্তের নির্দেশ দিয়েছিলেন।
ঘটনার এক বছর আট দিনের মাথায় গত বছরের ২২ ডিসেম্বর প্রতিষ্ঠানটির মালিক, ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যা, নরহত্যা, অগ্নিসংযোগ করে সম্পদের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগপত্রে ইমারত নির্মাণ আইন অনুযায়ী ভবন নির্মাণ করা হয়নি বলা হলেও আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারা অভিযোগপত্রে উল্লেখ করা হয়নি।
অভিযোগপত্রে বলা হয়, কারখানা ভবনটি ইমারত নির্মাণ আইন মেনে করা হয়নি। শ্রমিকদের বের হওয়ার জন্য ভবনটিতে জরুরি বহির্গমন পথ ছিল না। তিনটি সিঁড়ির মধ্যে দুটি নিচতলার গুদামের ভেতরে এসে শেষ হয়েছে। ওই গুদামে আগুন লাগার পর শ্রমিকেরা বের হতে চাইলে কারখানার ব্যবস্থাপক শ্রমিকদের বাধা দিয়ে বলেন, আগুন লাগেনি, অগ্নিনির্বাপণের মহড়া চলছে। এরপর বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়। ফলে শ্রমিকেরা নিচে নামতে পারেননি। মালিকের অবহেলাজনিত হত্যা ও নরহত্যার স্পষ্ট প্রমাণ মিলেছে বলে উল্লেখ করে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৪৩৬, ৩০৪, ৩০৪-ক ও ৪২৭ ধারায় অভিযোগপত্র দেওয়া হয়।
এই কারখানাটির মালিক তুবা গ্রুপের দেলোয়ার হোসেন ও মাহমুদা আক্তার এত দিন পলাতক ছিলেন। এজাহারভুক্ত আসামি হলেও তাঁদের ধরার জোরালো চেষ্টাও ছিল না। তিনি প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন। এ নিয়ে প্রথম আলোতে প্রতিবেদনও প্রকাশিত হয়। এরপর অবশেষে গতকাল আত্মসমর্পণ করেন দুই মালিক।
কোয়ালিটি ইন্সপেক্টর আতিকুর রহমান যখন তাজরীনের আগুনে পুড়ে মারা যান, তখন তাঁর স্ত্রী রাশিদা আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা। ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি রাশিদার প্রথম সন্তানের জন্ম হয়। দেলোয়ার হোসেনের আত্মসমর্পণ নিয়ে গতকাল মুঠোফোনে রাশিদার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার মনের ক্ষোভ আপনাকে আমি বোঝাতে পারব না। আমার বাচ্চা যখন পেটে, তখন তার বাবা মারা যায়। আমার মেয়ে এখন বাবা-মা বলতে পারে। কিন্তু তার বাবাকে সে দেখলই না। আপনাকে বোঝাতে পারব না, কী সেই কষ্ট। আমি কী ভাষায় তার সাজা চাইব, তা-ই প্রকাশ করতে পারছি না।’
২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে আগুন লাগার পর কারখানার তিনতলা থেকে লাফিয়ে পরে জীবন বাঁচান জরিনা বেগম। ডান পা আর মেরুদণ্ড ভেঙে যায় তাঁর। এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি। গতকাল রাতে প্রথম আলোকে তিনি বলেন, ‘দেলোয়ার হোসেনকে কারাগারে নেওয়ায় আমি খুশি। আমি প্রথমে চাই, তার একটা কঠিন শাস্তি হোক, যেন আশপাশের গার্মেন্টসের মালিকেরা বোঝেন, বাংলাদেশেও আইন আছে, অন্যায় করলে শাস্তি পেতে হবে।’
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘এখন সরকারের কাছে দাবি, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’ এই শ্রমিক নেতা আরও বলেন, ‘১৯৯০ সাল থেকে পোশাকশিল্পে অনেকগুলো দুর্ঘটনায় শত শত শ্রমিক প্রাণ হারিয়েছেন। কিন্তু এসব ঘটনার সঙ্গে জড়িত রাঘববোয়লরা সব সময়ই ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। একটি ঘটনারও বিচার হয়নি। তাই মালিকেরা যেন শ্রমিকের জীবন নিয়ে আর ছিনিমিনি খেলতে না পারেন, সে জন্য আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া দরকার।’