কারাগারে তিন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা, শারদীয় দুর্গোৎসব ও প্রবারণা পূর্ণিমা। তিন ধর্মের অনুসারীদের এই তিনটি আনন্দ-উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হলো কয়েক দিনের ব্যবধানে। এই উৎসব পালনে বঞ্চিত ছিলেন না কারাবন্দীরাও। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের চারদেয়ালে বন্দী তিন ধর্মের লোকজন এই আনন্দ-উৎসবে শামিল হন সব ভেদাভেদ ভুলে।
‘ধর্ম যার যার, উৎসব সবার’ স্লোগানে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে পরস্পর কোলাকুলি, কুশল বিনিময়, মিষ্টিমুখ ইত্যাদিতে অংশ নিয়েছেন সবাই। এভাবে একে অপরকে আপন করে নেওয়ার মাধ্যমেকিছু সময়ের জন্য হলেও ভুলে থেকেছেন পরিবার পরিজন থেকে দূরে থাকার দুঃখ-বেদনা।
কারাগারের একটি ওয়ার্ডে ছবি টাঙিয়ে পূজা করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। ঈদুল আজহার নামাজ শেষে কোলাকুলি করেছেন মুসলমানেরা। হাসিমুখে পোলাও-মিষ্টি খেয়েছেন সবাই। চট্টগ্রাম কারাগারের ইতিহাসে প্রথমবারের মতো ফানুস উড়িয়ে উৎসব করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ উৎসবে যোগ দিয়ে বন্দীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক আবদুল মান্নান।
এ বিষয়ে কথা হয় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়ার সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘তিনটি উৎসব প্রায় একই সময়ে হওয়ায় হিন্দু, বৌদ্ধ ও মুসলমান বন্দীরা ভাগাভাগি করে এসব উৎসব পালন করেছেন। ধর্ম যার যার হলেও উৎসব সবার, এমন মনোভাব দেখা গেছে সবার মাঝে। মুসলমান বন্দীরা তাঁদের ওয়ার্ডে থাকা হিন্দু বন্দীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। আবার বৌদ্ধদের ফানুস উড়ানোসহ প্রবারণা পূর্ণিমায় শুভেচ্ছা জানিয়েছেন হিন্দু, মুসলমান বন্দীরাও। আশা করছি, বন্দীদের মধ্যে এ ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন কারাগার থেকে মুক্তির পরও অটুট থাকবে।’
একাধিক বন্দী প্রথম আলোর কাছে অনুভূতি জানিয়ে বলেন, ‘পরিবার-পরিজন ছেড়ে চারদেয়ালে বন্দী থাকলেও উৎসবের দিনে তা মনে হয়নি। সব ভেদাভেদ ভুলে ঈদুল আজহা, দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা পালন করেছি আমরা।’
কারা সূত্রে জানা গেছে, ঈদুল আজহার দিন সকালে কারাগার প্রাঙ্গণে সন্ত্রাসী, ডাকাত, ছিনতাইকারী, ফাঁসির আসামি, ডিভিশনপ্রাপ্তসহ সব স্তরের বন্দী কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে বন্দীরা কারা কর্মকর্তাসহ সবার সঙ্গে কোলাকুলি করেন। ঈদের দিন সকালে বন্দীদের নাশতা, দুপুরে পোলাও, চমচম ও মাংস পরিবেশন করা হয়। হিন্দু ও বৌদ্ধ ধর্মের লোকজনের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন মুসলমান বন্দীরা। একইভাবে প্রায় ২০০ হিন্দু বন্দী একটি ওয়ার্ডে ছবি টাঙিয়ে দুর্গোৎসব পালন করেন। ওয়ার্ডে থাকা অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। উপ-মহা কারাপরিদর্শক (প্রিজন) অসীম কান্তি পাল বন্দীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
কারাধ্যক্ষ রফিকুল কাদের বলেন, সমাজে মানুষে মানুষে ভেদাভেদ ও খুনোখুনির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাম্প্রদায়িকতা। এ অবস্থায় কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ঈদুল আজহা, দুর্গোৎসব ও প্রবারণা পূর্ণিমা পালনে বন্দীদের এ আয়োজন আশাব্যঞ্জক। এতে বন্দীদের মাঝে সামপ্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হবে।