‘কারাগারে থাকার সময়ে হাঁপিয়ে উঠেছিলাম। বন্দী অবস্থায় একটু বিনোদনের জন্য বিকেল হলেই বন্ধুদের বলতাম, চল নিউমার্কেট ঘুরতে যাই। এরপর সব বন্ধুরা মিলে মনে মনে কারাগারকে নিউমার্কেট ভেবে ভেতরেই ঘোরাঘুরি করতাম।’
আজ মঙ্গলবার বিকেলে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে ‘সংগ্রামী জীবনগাথা’ শীর্ষক শিরোনামে এক আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে স্মৃতিচারণা করে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে কারাগারের অভ্যন্তরে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে কারা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠন জার্নি। এই প্রদর্শনীতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা, বেলা একটা থেকে তিনটা এবং সাড়ে তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সবার জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে। টিকিটের মূল্য ১০০ টাকা। কারাগারের ভেতর দুই ঘণ্টার বেশি কেউ থাকতে পারবেন না।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্মৃতিচারণা করে বলেন, ‘১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি। ভাষাসৈনিক অপরাধে আমাকেসহ মোট আটজনকে লালবাগ থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আমাদের এই কারাগারে পাঠান আদালত। থাকতে দেওয়া হয় কারাগারের মেন্টাল ওয়ার্ডের পৃথক দুটি কক্ষে। তখন একটানা ৪২ দিন জেল খেটে সবাই হাঁপিয়ে উঠেছিলাম। সময় কাটানোর জন্য জেল কর্তৃপক্ষ খেলাধুলার ব্যবস্থা করেছিল। তারপরও প্রতিদিন বিকেলে নিজেদের বন্দী মনে হতো। তা ভেবে মন খারাপ লাগত। এই খারাপ লাগা থেকে মুক্তি পেতেই মনে মনে নিউমার্কেট ঘুরতাম। পরবর্তী সময়ে মেন্টাল ওয়ার্ডের ভবনটি ভেঙে ফেলে কর্তৃপক্ষ।’
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের আটকের কয়েক দিন পর একই অপরাধে আরও পাঁচ শতাধিক ছাত্রকে গ্রেপ্তার করে বন্দী করা হয়। তখন জেলখানাও যেন আন্দোলনের আরেক প্রতীক হয়ে উঠেছিল। সবাই একসঙ্গে মিলেমিশে সময় ভালোই কাটত।’ তিনি বলেন, ‘ওই সময় একজন বন্দীর জন্য সোয়া তেরো আনার খাবার বরাদ্দ ছিল। এ দিয়েই সকালে দুটি রুটি, দুপুরে ও রাতে ডাল-ভাত খেতে হতো। জেলের সব ধরনের খাবারেই ওষুধের গন্ধ পেতাম। থালা-বাসন থেকে ন্যাপথলিনের গন্ধ আসত। এতে অনেকেই খেতে পারতেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ভালো রান্না হলে বন্ধুরা খাবার নিয়ে আসত। এ ছাড়া অনেকের পরিবার থেকেও জেলে খাবার দেওয়া হতো। এই খাবার আমরা সবাই ভাগাভাগি করে খেতাম।’
আবুল মাল আবদুল মুহিত বলেন, পুরান ঢাকার এই কারাগারে বঙ্গবন্ধু তাঁর যৌবন কাটিয়েছেন। জাতীয় চার নেতাকে এই কারাগারেই নির্মমভাবে হত্যা করা হয়। এই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই কারাগারে জাদুঘর, পার্ক ও বিনোদনের পরিকল্পনা নিয়েছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এই কারাগারের ভেতর রাতের অন্ধকারে ঢুকে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। এই ইতিহাস সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, এবার জেলহত্যা দিবস সামনে রেখেই এ ধরনের প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। ৫ নভেম্বর পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। পাশাপাশি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় চার নেতা কারা স্মৃতি জাদুঘর, বিভিন্ন কারাকক্ষ ঘুরে দেখতে পারবেন দর্শনার্থীরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান বলেন, দেশের ইতিহাসে কারাগারের ভেতর আলোকচিত্র প্রদর্শনী এটাই প্রথম। এ ধরনের প্রদর্শনী আগামী প্রজন্মকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলবে।
জার্নির উপদেষ্টা ও সংগ্রামী জীবনগাথার কিউরেটর ইমেরিটাস অধ্যাপক এ কে আবদুল মোমেন বলেন, ভবিষ্যতে এই কারাগারের প্রতিটি কক্ষের সঙ্গে জাতীয় বীরদের অবস্থান চিহ্নিত করে জাতির কাছে উপস্থাপন করা হবে।
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হোসেন, জাতীয় নেতা এ এইচ এম কামারুজ্জামানের সন্তান খায়রুজ্জামান, জার্নির চেয়ারম্যান খন্দকার বজলুল হক প্রমুখ বক্তব্য দেন।