কারাগারে থেকে নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এবং জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল ইসলাম খান কারাগারে থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। জেলা আওয়ামী লীগের কার্যালয় পোড়ানোর মামলায় তাঁকেসহ বিএনপির ১২ জন নেতা-কর্মীকে ২৪ ফেব্রুয়ারি কারাগারে পাঠান আদালত।
গত ১০ জানুয়ারি রাতে দুর্বৃত্তরা জেলা আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয়। এ ঘটনায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলায় ৫৩ নম্বর আসামি নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খানের আইনজীবী নাছির উদ্দিন জানান, নজরুল ইসলাম খানসহ বিএনপির কর্মীদের নামে মামলা হওয়ার পর তাঁরা উচ্চ আদালত থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আগাম জামিন নিয়েছিলেন। ২৪ ফেব্রুয়ারি তাঁরা পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা জানালে বিচারক সুমাইয়া খানম তাঁকেসহ এ মামলার ১১ জন আসামির জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৬ ফেব্রুয়ারি একই আদালতের বিচারক তাঁর (নজরুল ইসলাম) সাত দিনের জামিন মঞ্জুর করলেও তিনি মুক্তি পাননি। নাছির উদ্দিন বলেন, সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বিধান চন্দ্রের বাড়িতে গত ১৭ ডিসেম্বর রাতে আগুন লাগানোর ঘটনায় বিধান চন্দ্র বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ২৬ ফেব্রুয়ারি পিরোজপুর সদর থানার উপপরিদর্শক তাপস রায় চৌধুরী নজরুল ইসলাম খানকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য একই আদালতে (জ্যেষ্ঠ বিচারিক হাকিম) আবেদন জানান। আদালত সে আবেদন মঞ্জুর করেন এবং আগামী রোববার এ বিষয়ে শুনানির দিন ধার্য রাখেন।
নজরুল ইসলাম খানের ভাই অহিদুজ্জামান খান বলেন, ‘আমাদের কর্মী ও সাধারণ ভোটারদের অনেক হুমকি-ধমকি দেওয়া হয়েছে। তার পরেও মানুষ আমাদের ভালোবেসে ভোট দিয়ে বিজয়ী করেছেন।’