কারাগারে থেকেই মেয়র পদে লড়বেন মান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাবন্দী মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নাগরিক ঐক্য। গতকাল শনিবার রাতে সংগঠনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মাহমুদুর রহমান নাগরিক ঐক্যের আহ্বায়ক। তাঁর অনুপস্থিতিতে নাগরিক ঐক্য এ সিদ্ধান্ত নিয়েছে। তবে মান্নার পরিবার জানিয়েছে, অসুস্থ থাকায় মান্নার সঙ্গে এ বিষয়ে তাঁদের কথা হয়নি। গত শুক্রবার মান্নার স্ত্রী-কন্যা কারাগারে তাঁর সঙ্গে দেখা করেন।
জানতে চাইলে মাহমুদুর রহমান মান্নার মেয়ে নিলম মান্না প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁর শারীরিক অবস্থা নিয়ে খুবই চিন্তিত। চিকিৎসক এনজিওগ্রাম এবং এমআরআই করার পরামর্শ দিলেও এ দুটি পরীক্ষা ছাড়াই তড়িঘড়ি করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। হার্টে ব্লক থাকাসহ বেশ কিছু শারীরিক সমস্যা থাকলেও তাঁকে সাধারণ বন্দীদের সঙ্গে মানবেতরভাবে রাখা হচ্ছে।’
নিলম তাঁর বাবার সুচিকিৎসা ও কারাগারে ডিভিশন দাবি করেন।
নাগরিক ঐক্যের গতকালের সভায়ও গুরুতর অসুস্থ অবস্থায় মান্নাকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করা হয়েছে।
সভায় ডিসিসি উত্তরের নির্বাচনে মান্নার প্রার্থী হওয়ার ঘোষণাকে সমর্থন করে বলা হয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও পরিস্থিতির ওপর সবকিছু নির্ভর করছে। নির্বাচনে টাকার ছড়াছড়ি ও পেশিশক্তির ব্যবহার বন্ধ এবং সব প্রার্থীর জন্য সমতল মাঠ বা সমান সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়। নাগরিক ঐক্যের প্রবীণ সদস্য আইনজীবী ফজলুল হক সরকারের সভাপতিত্বে ওই সভায় দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। নাগরিক ঐক্যের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মান্নার ফোনালাপ বিকৃতভাবে প্রচার করে ষড়যন্ত্রমূলক মামলায় তাঁকে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। সভা থেকে এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।